২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যাট আইন সংশোধন হচ্ছে

ব্যবসায়ীদের বিরোধিতার মধ্যে সংসদে পাস হওয়ার দুই বছর পর কার্যকর হওয়ার আগেই মূল্য সংযোজন কর বা ভ্যাট আইন সংশোধন করতে যাচ্ছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 06:28 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

তবে ১৯৯১ সালের পুরনো আইন বহালে শিল্পোদ্যোক্তাদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ অন্য ব্যবসায়ী নেতাদের দাবি নাকচ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল ‍মুহিত।

ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে মতামত নেওয়ার পরও কেন আইনটি সবার কাছে গ্রহণযোগ্য হল না, তা নিয়ে বিস্ময়ও প্রকাশ করেন তিনি।

মুহিত বলেন, “নতুন আইনই থাকবে। ১৯৯১ সালের আইনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে পুনরায় আলাপ-আলোচনা করে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে।”

বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন।

আইন সংশোধনের জন্য ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্য থেকে দুজন এবং রাজস্ব বোর্ডের দুজন কর্মকর্তাকে নিয়ে একটি কমিটি গঠন করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানেকে নির্দেশ দেন মন্ত্রী।

“কমিটি যে সুপারিশ দেবে তা অবশ্যই বিবেচনা করা হবে,” বলেন তিনি।

এম সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকার সময় ১৯৯১ সালে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আইন প্রণয়ন এবং কার্যকরের উদ্যোগ নেন। তখন ব্যবসায়ীরা এই আইনের তীব্র বিরোধিতা করেছিল।

নতুন আইন কার্যকরের শুরুতে জটিল মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে ভ্যাট দেওয়া এবং নেওয়ায় অভ্যস্ত হয়েছেন ক্রেতা-বিক্রেতারা।

১৯৯১ সালে ভ্যাট থেকে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ১৭৩৫ কোটি টাকা। ২৩ বছরে তা বেড়ে ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।

চলতি ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে ভ্যাট থেকে সাড়ে ৫৬ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

২০১২ সালের ২৭ নভেম্বর সংসদে নতুন ভ্যাট আইন পাস হয়েছে, যা ২০১৫-১৬ অর্থবছর অর্থ্যাৎ ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা।

এই আইন সংসদে পাস হওয়ার শুরু থেকেই প্রবল আপত্তি জানিয়ে আসছে এফবিসিসিআইসহ ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন।

সেমিনারে অর্থমন্ত্রীর সঙ্গে থাকা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও ব্যবসায়ীদের প্রস্তাব বিবেচনার অনুরোধ করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, “এই আইনে উঠতি ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হবে। যে আইন ব্যবসার ক্ষতি করে সেটা সংশোধন করা প্রয়োজন।”

এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, সাবেক সভাপতি আনিসুল হক বক্তব্য রাখেন।

২৩ বছরের পুরোনো ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন সংশোধনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তাগিদ ছিল। ১ বিলিয়ন ডলারের ঋণ পাওয়ার শর্ত হিসেবে তা জুড়ে দিয়েছিল সংস্থাটি।

এ প্রসঙ্গে তোফায়েল বলেন, “আইএমএফের পরামর্শকের পরামর্শ নিয়ে আইনটি করা হয়েছিল বলেই এত আপত্তি উঠেছে। আমরা যদি আমাদের নিজেদের পরামর্শক দিয়ে আইনটি করতাম তাহলে এমন হত না।”

এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম ১৯৯১ সালের পুরনো আইন বহাল রাখার দাবি জানিয়ে বলেন, দীর্ঘ ২৩ বছর ধরে যে আইনে দেশের মানুষ ভ্যাট দিয়ে অভ্যস্ত হয়ে পড়েছে; সেই আইন বাতিল করে সম্পূর্ণ নতুন একটি আইন প্রণয়ন এবং বাস্তবায়ন করলে কোনোভাবেই তা বাস্তবসম্মত হবে না।

নতুন ভ্যাট আইনে ক্ষুদ্র ব্যবসাকে মূল্য সংযোজন করের আওতার বাইরে রাখা হয়েছে।

যে সব প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রি ২৪ লাখ টাকা তাদের কোনো ভ্যাট দিতে হবে না। যাদের বার্ষিক বিক্রি ২৪ লাখ টাকার বেশি, কিন্তু ৮০ লাখ টাকার কম, তাদের ৩ শতাংশ হারে কর দিতে হবে।

৮০ লাখ টাকার বেশি বিক্রি হলে নির্দিষ্ট হারে ভ্যাট দিতে হবে।