লিবীয় মুদ্রার ‘জটিলতা’ কাটল
লিবিয়ায় গৃহযুদ্ধ চলাকালে ২০১১ সালে দেশে ফিরিয়ে আনা প্রবাসীদের মাধ্যমে আসা লিবীয় মুদ্রা ফেরত নেয়ার উদ্যোগ নিয়েছে দেশটি। কয়েকটি ব্যাংকে এতদিন এই মুদ্রাগুলো অচল হয়ে পড়েছিল।
সম্প্রতি ঢাকাস্থ লিবীয় দুতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক চিঠিতে এসব মুদ্রা ফেরত নেয়ার উদ্যোগের কথা জানায়।
আন্তর্জাতিক আইন অনুযায়ী লিবীয় দূতাবাস এসব মুদ্রা ফেরত নেয়ার উদ্যোগ নিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারির বিনিময় হারে ডলারে যে মূল্য দাঁড়ায় তা পরিশোধ করবে লিবীয় দূতাবাস।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ওই দিন ১ ডলারের বিপরীতে ১ দশমিক ২৩ লিবিয়ান দিনার বিনিময় হয়েছে।
এজন্য কোন ব্যাংকের কাছে কি পরিমান লিবীয় মুদ্রা আছে তা জানতে চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংকও বিষয়টি চিঠি দিয়ে অন্যান্য ব্যাংককে অবহিত করেছে।
২০১১ সালে লিবিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে প্রবাসী বাংলাদেশিদের সরকারি উদ্যোগে ফিরিয়ে আনা হয়। তবে ওইসময় লিবিয়ায় মুদ্রা পরিবর্তনের ব্যবস্থা না থাকায় লিবিয়ান মুদ্রা সঙ্গে নিয়েই ফিরতে হয় প্রবাসীদের।
পরে সরকারি নির্দেশনা অনুযায়ী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত সকল ব্যাংক এসব মুদ্রা কিনে নেয়। যদিও সরকারি ব্যাংকই বেশি কেনে।
লিবিয়ার পরিস্থিতি একটু শান্ত হলে বেসরকারি ব্যাংকগুলো তাদের এজেন্টদের মাধ্যমে মুদ্রাগুলো বিক্রি করে দিলেও সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংক তা করেনি। এই তিনটি ব্যাংকের কাছে ৬৯ লাখ ১৮ হাজার লিবিয়ান দিনার বা ৫৬ লাখ ২৫ হাজার মার্কিন ডলার রয়েছে।
বাংলাদেশ ব্যাংকে পাঠানো বিভিন্ন ব্যাংকের তথ্য অনুযায়ী সোনালী ব্যাংকের কাছে ১৪ লাখ ৪৭ হাজার, অগ্রণী ব্যাংকের কাছে ২১ লাখ ২০ হাজার আর জনতা ব্যাংকের ২০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার মূল্যের লিবীয় দিনার রয়েছে।
এ বিষয়ে সোনালী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ভানু রায় চৌধুরী বলেন, “এই লিবিয়ান দিনারগুলোর ফেরত নেয়ার উদ্যোগে আমরা অনেক উপকৃত হয়েছি। কারণ আমানতের টাকায় এসব দিনার কিনে আমরা ফেলে রেখেছি। আমানতের পেছনে আমাদের ৮ থেকে ১০ শতাংশ সুদ গুণতে হচ্ছে।”
