ভুল রিপোর্ট হচ্ছে: মুহিত
কালো টাকা নিয়ে গণমাধ্যমে ‘ভুল’ রিপোর্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার সকালে শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অফিসে সফররত আইএমএফের ডিএমডি নাওকাই শিনোহারার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, “কালো টাকা নিয়ে মিডিয়ায় আপনারা সবাই ভুল রিপোর্ট লিখেছেন। রাবিশ! এই বাজেটে আমি অতিরিক্ত কোনো সুবিধা দিইনি। আয়কর আইনে যে ধারায় এ সুবিধা রয়েছে সেটাই রাখা হয়েছে। বরং এবার আমি আবাসন খাতে কিছু পরিবর্তন করে প্রতি বর্গফুট বলে নির্দিষ্ট করে দিয়েছি।”
কালো টাকা সাদা করার সুযোগ দেয়ার বিপক্ষে বরাবর মত দিয়ে এলেও এবারো আবাসন খাতে বিনিয়োগের শর্তে এই সুযোগ রাখার ঘোষণা দেন অর্থমন্ত্রী।
বাজেটের সমাপনী বক্তৃতায় তিনি বলেছিলেন, “আবাসন খাতে প্রতি বর্গমিটারে নির্দিষ্ট পরিমাণ কর প্রদান করলে বিনা প্রশ্নে বিনিয়োগ মেনে নেয়ার বিধানটি কর প্রদান পদ্ধতিতে সরলীকরণমাত্র।”
