২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালোটাকা সাদা করার সুযোগ থাকছে

কালোটাকা সাদা করার সুযোগ দেয়ার বিপক্ষে বরাবর মত দিলেও এবারও আবাসন খাতে বিনিয়োগের শর্তে এই সুযোগ রাখার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 01:31 PM

Updated : 25 Apr 2022, 04:22 PM

শনিবার ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের ওপর সমাপনী বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।

সমাপনী বক্তৃতায় কিছু কিছু বিষয়ে সংশোধনী এনে অর্থমন্ত্রী বলেন, “আবাসন খাতে প্রতি বর্গমিটারে নির্দিষ্ট পরিমাণ কর প্রদান করলে বিনা প্রশ্নে বিনিয়োগ মেনে নেয়ার বিধানটি কর প্রদান পদ্ধতিতে সরলীকরণমাত্র।”

২০১৩-১৪ অর্থ বছরের বাজেটেও আবাসন খাতে নির্দিষ্ট হারে কর দিয়ে কালোটাকা সাদা করার বিধান ছিল।

অর্থমন্ত্রী বলেন, “আয়কর অধ্যাদেশে কালোটাকা সাদা করার বিষয়ে কারো কারো মধ্যে বিভ্রান্তি রয়েছে। অর্থ আইন ২০১১ এর মাধ্যমে সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগকৃত অর্থের উপর ১০ শতাংশ হারে কর প্রদান করলে বিনিয়োগকৃত অর্থ বিনা প্রশ্নে মেনে নেয়ার বিধান করা হয়। বাস্তবে এ বিধানের সুযোগ করদাতাগণ গ্রহণ করেননি। এই সুযোগ রাখতে চাই না বিধায় এ সংক্রান্ত বিধানটি বাতিলের প্রস্তাব করছি।”

তিনি বলেন, “কেউ অতীতে তার আয়ের উপর সঠিকভাবে কর পরিশোধ না করলে পরবর্তীতে প্রযোজ্য কর এবং জরিমানা পরিশোধ করে কর অনারপিত আয়ের উপর কর পরিশোধ করতে পারে।

“সেক্ষেত্রে কর দাতাকে কোনো ছাড় দেয়া হয়নি। প্রচলিত হারেই তাকে জরিমানাসহ কর দিতে হয়। এ ধরনের সুযোগ কর প্রদান ব্যবস্থাপনায় ভারসাম্য রক্ষার্থে প্রয়োজন বিধায় এ দুটি বিধান অব্যাহত রাখা যায়।”

গত ৫ জুন বাজেট পেশের পরদিন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন- “এই মুহূর্ত থেকে সব খাতে কালোটাকা সাদা করার সুযোগ বাতিল করা হল।”