চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকা
বর্ষা মৌসুমের শুরুতেই দুইবার তলিয়ে যাওয়া বন্দর নগরী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে সরকার।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অথনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্প অনুমোদিত হয়।
এই সভায় চট্টগ্রামের জলবদ্ধতা নিরসনের পাশাপাশি আরো দুটি প্রকল্প অনুমোদন পায়। নতুন এই তিন প্রকল্পের ব্যয় ৫০৪ কোটি টাকা ধরা হয়েছে বলে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন।
অন্য দুটি প্রকল্প হচ্ছে- কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং যন্ত্রপাতি সংগ্রহ এবং পাগলা-জগন্নাথপুর-রাণীগঞ্জ-আউশকান্দি মহাসড়কের রাণীগঞ্জে কুশিয়ারা নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্প।
পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, একটি প্রকল্প সম্পূর্ণ সরকারি অর্থায়নে এবং বাকি দুটি সরকারি ও সংস্থার নিজস্ব অর্থে বাস্তবায়ন করা হবে।
অনুমোদিত প্রকল্পের আওতায় চট্টগ্রাম শহরে বর্ষাকালে দ্রুত বৃষ্টির পানি অপসারণের জন্য শহরের খালগুলো সংস্কার এবং কিছু নতুন খাল খনন করা হবে। এছাড়া পানি ধরে রাখার জন্য কিছু পুকুর খনন করা হবে।
‘বহদ্দারহাট বারইপাড়া হতে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন’ শিরোনামের প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ২৮৯ কোটি ৪৪ লাখ টাকা।
প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে, চট্টগ্রাম শহরে ২ দশমিক ৯ কিলোমিটার দৈর্ঘ্য ও ৬৫ ফুট প্রস্থের খাল খনন করা হবে। এছাড়া খালের উভয় পাশে ২০ ফুট প্রস্থের রাস্তা নির্মাণ করা হবে।
“এই রাস্তা দিয়ে যানচলাচল করলে শহরের যানজটও দূর হবে। প্রকল্পের অধীনে খালটি পরিষ্কার রাখতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”
২০১৬ সালের জুনের মধ্যে এই প্রকল্পটি বাস্তবায়ন করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্প অনুমোদন দেয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনে (সিসিসি) বিএনপি সমর্থিত মেয়র এম মনজুর আলম।
চট্টগ্রামের মেয়র নতুন প্রকল্পের জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি ১৯৯৫ সালের ড্রেনেজ মাস্টারপ্ল্যানের অন্য অংশ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষপে কামনা করেন।
প্রকল্পটির মোট ব্যয়ের ২৫ শতাংশ অর্থ চট্টগ্রাম সিটি করপোরেশন তার নিজস্ব তহবিল থেকে খরচ করবে। বাকি অর্থ সরকার জোগান দেবে।
আগামী তিন মাসের মধ্যেই প্রকল্পের কাজ শুরু করা হবে বলে আশা প্রকাশ করেন প্রকৌশলী রফিকুল ইসলাম।
খালটি খনন হলে নগরীর দুই নম্বর গেইট, মুরাদপুর, বহদ্দারহাট, বাদুরতলা, কাপাসগোলা, চকবাজার ও বাকলিয়া এলাকার জলাবদ্ধতা নিরসন হবে বলে জানান এই প্রকৌশলী।
২০১০ সালে জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দিয়ে মেয়র নির্বাচিত হওয়ার চার বছর পর এর ব্যর্থতার দায় নিতে অস্বীকার করে মনজুর বলে আসছিলেন, সরকারি বরাদ্দ না পাওয়ায় জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হচ্ছে না।
গত বৃহস্পতিবার থেকে তুমুল বর্ষণে নগরীর বেশিরভাগ এলাকা তলিয়ে যায়। এরমধ্যেই রোববার সিসিসির ২০১৪-১৫ অর্থবছরের বাজটে ঘোষণা করেন মেয়র। তাতে জলাবদ্ধতার জন্য আলাদা কোনো বরাদ্দ ছিল না।
