২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১১৯৫ কোটি টাকার বাজেট

২০১৪-১৫ অর্থ বছরের জন্য অনুদান ও বকেয়া করের ওপর নির্ভর করে চট্টগ্রাম সিটি করপোরেশনের এক হাজার ১৯৫ কোটি ৯১ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 08:04 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

রোববার দুপুরে সিসিসি মিলনায়তনে মেয়র মনজুর আলম বাজেট ঘোষণা করেন।

বাজেটে আয় খাতে সর্বোচ্চ বরাদ্দ ধরা হয়েছে উন্নয়ন অনুদান খাতে ৫৯০ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ আয় খাত সিসিসি’র নিজস্ব উৎসে পাওয়া কর, বকেয়া কর ও ভাড়াসহ মোট ৫৬৭ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকা।

আগামী অর্থ বছরে ব্যয় নির্বাহের অনেকটাই নির্ভর করছে ২২৯ কোটি ৩১ লাখ ৫১ হাজার টাকার বকেয়া কর আদায়ের ওপর।

২০১৪-১৫ সালের প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে উন্নয়ন খাতে ৫৭২ কোটি ৪৫ লাখ টাকা।

সিসিসি’র কর্মকর্তা –কর্মচারীদের বেতন-ভাতাসহ মোট পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় ধরা হয়েছে ৩০৩ কোটি ৩১ লাখ ৭০ হাজার টাকা। সিসিসি পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানসহ স্থায়ী-অস্থায়ী মিলিয়ে মোট সাত হাজার ৬৫৩ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন।

গত অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয় ৫৪৩ কোটি ৬০ লাখ টাকা। সংশোধিত বাজেটে তা কমে দাঁড়ায় ১৪৬ কোটি ৪০ লাখ ১০ হাজার টাকা। এর মধ্যে উন্নয়ন অনুদান ১২২ কোটি ১৭ লাখ ৫৭ হাজার টাকা।

বাজেট বক্তৃতায় মেয়র মনজুর আলম বলেন, বাংলাদেশ রেলওয়ে, সিডিএ, বন্ধ হয়ে যাওয়া স্টিল মিল ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাছে ১২৫ কোটি ২৮ লাখ ৩২ হাজার টাকা পাওনা আছে।

“এসব প্রতিষ্ঠানের বকেয়া পৌরকর আদায় হলে কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।”

বাজেট ঘোষণা গত অর্থ বছর একহাজার ১০৬ কোটি ৩০ লাখ সাত হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটের বিপরীতে ৪৯৮ কোটি ৩৫ লাখ সাত হাজার টাকার সংশোধিত বাজেটও পেশ করা হয়।

গত অর্থ বছরের প্রস্তাবিত ও সংশোধিত বাজেটের বিরাট পার্থক্য বিষয়ে প্রশ্নের জবাবে মেয়র মনজুর বলেন, আমরা জাতীয় বাজেটের অনুরূপ বাজেট দেই । আয়ের উৎসও উল্লেখ করি। গত বছরের প্রস্তাবিত বাজেটের ৪৫ শতাংশ অর্জিত হয়েছে।

“আমরা ধারাবাহিকভাবে অগ্রসর হচ্ছি। কিছু প্রস্তাবিত প্রকল্পে সরকারি বরাদ্দ পাইনি। তাই লক্ষ্য অর্জন হয়নি।”

এবারের বাজেটের লক্ষ্য অর্জন বিষয়ে মেয়র বলেন, এবারো উন্নয়ন খাতে অনুদানের প্রস্তাব দিয়েছি। বরাদ্দ পেলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

উন্নয়নের ক্ষেত্রে কোন প্রকল্পের অধীনে কত বরাদ্দ ধরা হয়েছে তা বাজেট বক্তৃতায় উল্লেখ নেই। তবে দুযোর্গ ব্যবস্থাপনায় আড়াই কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে লিখিত বক্তব্যে জানানো হয়।

অনুষ্ঠানে চলতি বছরের প্রস্তাবিত ও গত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সিসিসি’র অর্থ ও সংস্থাপন স্ট্যান্ডিং কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম দোভাষ।

অনুষ্ঠানে সিসিসি’র কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০১০ সালে মেয়র নির্বাচিত হওয়ার পর এটি মনজুর আলমের চতুর্থ ও সম্ভবত শেষ বাজেট। আগামী বছরের মাঝামাঝি বর্তমান মেয়রের মেয়াদ শেষ হবে।