২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ছে বাণিজ্য ঘাটতি, কমছে উদ্বৃত্ত

বাণিজ্য ঘাটতি বাড়ছে। আমদানি বাড়ায় অর্থবছরের শেষ দিকে এসে বাণিজ্য ঘাটতিও বেড়ে যাচ্ছে। যার ফলে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের উদ্বৃত্ত (ব্যালান্স অফ পেমেন্ট) কমছে।

আবদুর রহিম হারমাছি

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 11:08 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

বিদায়ী ২০১৩-১৪ অর্থবছরের দশ মাসে (জুলাই-এপ্রিল) পণ্য বাণিজ্যে সামগ্রিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৫৯০ কোটি ডলার।

অর্থবছর শেষে এই ঘাটতি গতবারের ৭০১ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশংকা করছেন অর্থনীতির গবেষক জায়েদ বখত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আমদানির সঙ্গে রপ্তানি সমানতালে বেড়ে যাওয়ায় মনে হচ্ছিলো এবার বাণিজ্য ঘাটতি গতবারের চেয়ে কম হবে। আট মাসের হিসাব পর্যন্ত তেমনটিই ছিল।

“কিন্তু মার্চ মাস থেকে আমদানি বাড়ায় এখন বাণিজ্য ঘাটতিও বাড়ছে। এ ধারা অব্যাহত থাকলে এবার বাণিজ্য ঘাটতি গতবারের চেয়ে বেশি হবে।”

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার বাণিজ্য ঘাটতি সংক্রান্ত যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, বিদায়ী ২০১৩-১৪ অর্থবছরের (জুলাই-এপ্রিল) সময়ে পণ্য বাণিজ্যে সার্বিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৫৮৯ কোটি ৪০ লাখ ডলার।

গত অর্থবছরের (২০১২-১৩) একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ৫৯২ কোটি ১০ লাখ ডলার।

তথ্য ‌পর্যালোচনায় দেখা যায়, ২০১৩-১৪ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ১৫৩ কোটি ৩০ লাখ ডলার। ২০১২-১৩ অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল দ্বিগুণেরও বেশি, ৩৬৭ কোটি ৫০ লাখ ডলার।

বিদায়ী অর্থবছরের নয় মাসে ( জুলাই-মার্চ) বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়ায় ৪৯৪ কোটি ৫০ লাখ ডলার।

২০১২-১৩ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে ঘাটতির পরিমাণ ছিল ৪৮৬ কোটি ৩০ লাখ ডলার।

দশ মাস শেষে অর্থাৎ জুলাই-এপ্রিল সময়ে ঘাটতির পরিমাণ বেড়ে ৫৯০ কোটি ডলারে দাঁড়িয়েছে। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫৯২ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের লেনদেন ভারসাম্য সারণীর তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ২০১৩-১৪ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে বিভিন্ন পণ্য আমদানি খাতে (এফওবিভিত্তিক, ইপিজেডসহ) মোট তিন  হাজার ২১ কোটি ১০ লাখ ডলার ব্যয় হয়েছে।

আর পণ্য রপ্তানি থেকে (এফওবিভিত্তিক, ইপিজেডসহ) আয় হয়েছে দুই হাজার ৪৩১ কোটি ৭০ লাখ ডলার।

এই হিসাবে জুলাই-এপ্রিল সময়ে সামগ্রিক ঘাটতি হয়েছে ৫৯০ কোটি ডলার।

২০১২-১৩ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে মোট দুই হাজার ৭৩৩ কোটি ডলারের পণ্য আমদানি করেছিলো বাংলাদেশ। এর বিপরীতে একই সময়ে বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ দুই হাজার ১৪০ কোটি ৯০ লাখ ডলার আয় করেছিলো। ঘাটতির পরিমাণ ছিল ৫৯২ কোটি ১০ লাখ ডলার।

২০১২-১৩ অর্থবছরের পুরো সময়ে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৭০১ কোটি ডলার। ২০১১-১২ অর্থবছরে এই ঘাটতির পরিমাণ ছিল ৯৩২ কোটি ডলার, যা ছিল এ যাবতকালের সর্বোচ্চ ঘাটতি।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, রপ্তানির চেয়ে আমদানি বেশি হওয়ায় বাংলাদেশে বরাবরই পণ্য বাণিজ্যে ঘাটতি ছিল।

২০০৫-০৬ অর্থবছরে বাণিজ্য ঘাটতি ছিল ২৮৭ কোটি ৯০ লাখ ডলার। ২০০৬-০৭ অর্থবছরে তা বেড়ে ৩৪৫ কোটি ৮০ লাখ ডলারে দাঁড়ায়।

বিশ্ব অর্থনীতির মন্দার কারণে খাদ্য পণ্যসহ সব ধরনের পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ২০০৭-০৮ অর্থবছরে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়ায় ৫৩৩ কোটি ডলারে।

তবে ২০০৮-০৯ অর্থবছরে তা ৪৭১ কোটি ডলারে নেমে আসে। ২০০৯-১০ অর্থবছরে ঘাটতির পরিমাণ ছিল ৫১৫ কোটি ৫০ লাখ ডলার।

কমছে লেনদেন ভারসাম্যে উদ্বৃত্ত

আমদানি বাড়ায় বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের উদ্বৃত্তের পরিমাণও কমছে।

বিদায়ী ২০১৩-১৪ অর্থবছরের এপ্রিল শেষে উদ্বৃত্ত কমে দাঁড়িয়েছে ১৩৮ কোটি ডলারে।

২০১২-১৩ অর্থবছরের এপ্রিল শেষে উদ্বৃত্ত ছিল ২১৮ কোটি ৪০ লাখ ডলার।

উদ্বৃত্তের পরিমাণ চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ছিল ২০২ কোটি ডলার। মার্চে তা ১৫১ কোটি ৭০ লাখ ডলারে নেমে আসে।

এপ্রিলে তা আরো কমে ১৩৮ কোটি ডলারে নেমে এসেছে।

২০১২-১৩ অর্থবছর শেষে অর্থ্যাৎ গত বছরের জুন শেষে উদ্বৃত্ত ছিল ২৫২ কোটি ৫২ লাখ ডলার।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত অর্থবছরের ধারাবাহিকতায় চলতি অর্থবছরেও লেনদেন ভারসাম্যে বড় উদ্বৃত্ত দিয়ে অর্থবছর শুরু করে বাংলাদেশ। ফেব্রুয়ারি পর্যন্ত সে ধারা অব্যাহত থাকে।

৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের পর শিল্প বিকাশের জন্য প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতি, কাঁচামালসহ অন্যান্য পণ্য আমদানি বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি বাড়ছে। যার ফলে কমছে বৈদেশিক লেনদেনের ভারসাম্যের উদ্বৃত্ত।

আমদানি সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বিদায়ী অর্থবছরে জুলাই-এপ্রিল সময়ে গত বছরের একই সময়ের চেয়ে আমদানি ব্যয় ২০ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে।

সর্বশেষ এপ্রিল মাসে আমদানি ব্যয় বেড়েছে ৪৬ শতাংশ। মার্চ মাসে বেড়েছিল ৫৪ দশমিক ৪৭ শতাংশ।

আমদানি বৃদ্ধির কারণ বিশ্লেষণ করে অর্থনীতির বিশ্লেষক জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমদানি যেটা বাড়ছে সেটা দেশে বিনিয়োগ বা শিল্প বিকাশের জন্য খুব বেশি অবদান রাখছে না। মূলত: ফুড (চাল ও গম) আমদানি বাড়ার কারণেই আমদানি ব্যয় বাড়ছে।”

ক্যাপিটাল মেশিনারি আমদানি যেটা বেড়েছে সেটা টেলিকম খাতের থ্রিজি মেশিনারি আমদানির কারণে বেড়েছে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, “ব্যবসায়ী-উদ্যোক্তারা এখনও পরিস্থিতি ‘‌পর্যবেক্ষণ’ করছেন। ‘ওয়েট অ্যান্ড সি’ পলিসি অনুসরণ করছেন তারা।

“দেশে বর্তমানে যে স্থিতিশীল অবস্থা বিরাজ করছে তা অব্যাহত থাকলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে। বিনিয়োগও বাড়বে।”

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১১-১২ অর্থবছরে লেনদেন ভারসাম্যে ৪৪ কোটি ৭০ লাখ ডলারের ঘাটতি (ঋণাত্মক) ছিল।

নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় চলতি হিসাবের অন্তর্ভুক্ত। এই হিসাবে উদ্বৃত্ত থাকার অর্থ হল, নিয়মিত লেনদেনে দেশকে কোনো ঋণ করতে হচ্ছে না। আর ঘাটতি থাকলে সরকারকে ঋণ নিয়ে তা পূরণ করতে হয়।