২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সিপিডি ভ্রান্তিবিলাসে'

বাজেট নিয়ে সিপিডির 'লক্ষ্য বিলাসের বাজেট' মন্তব্যের কড়া সমালোচনা করে অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, 'তারা ভ্রান্তিবিলাসে রয়েছেন'।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 08:15 PM

Updated : 22 Aug 2022, 06:26 PM

রোববার জাতীয় সংসদে ২০১৩-২০১৪ অর্থবছরের সম্পুরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে অর্থপ্রতিমন্ত্রী বলেন, "দেশের গতিশীল অর্থনীতির ধারা তারা (সিপিডি) দেখতে পান না। দেশের প্রকৃত অবস্থা সম্পর্কে তারা সচেতন নয়। তারা কেতাবি ধারণা দিয়ে অর্থনীতির বিশ্লেষণ করছেন।

"লক্ষ্যবিলাসী বলে তাদের মন্তব্য প্রত্যাখ্যান করছি। এটা তাদের ভ্রান্তবিলাস। বাজেট দিয়েছি, কতোটুকু অর্জন করতে পারি তা দেখতে পাবেন।”

৫ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট পেশের পরদিনই একে ‘লক্ষ্য বিলাসের বাজেট' বলে সমালোচনা করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।

বাজেট নিয়ে সিপিডি এবং অর্থনীতিবিদদের সমালোচনার জবাবে ইতোমধ্যেই মুহিত বলেছেন, "প্রথম থেকেই আমাদের অর্জন অসাধারণ। ব্যয় করার সামর্থ্য আছে। এটাই আমাদের সরকারের চরিত্র, এটি বজায় রাখা হবে।"

সম্পূরক বাজেট আলোচনায়, গত ৫ বছর মেয়াদে কৃষি, বিদ্যুতসহ নানা খাতে সরকারের সফলতাও তুলে ধরেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।

বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “সার্বিকভাবে আইন শৃঙ্খলার চমৎকার অবস্থা বিরাজ করছে।”

সম্পূরক বাজেট আলোচনায় আরো অংশ নেন জাতীয় পার্টির পীর ফজলুর রহমান, স্বতন্ত্র প্রার্থী রুস্তম আলী ফরাজী প্রমুখ।

বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

পুরনো খবর:

আমি সার্থক উচ্চাভিলাষী: মুহিত
যুক্তরাষ্ট্রের বন্দিশালা থেকে মুক্তি পেলেন বাংলাদেশি মাসুমা খান