২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তামাকপণ্যে কর বাড়ানোর পরামর্শ

তামাক ও তামাকজাত পণ্যের ব্যবহার কমাতে করের হার বাড়ানোর পরামর্শ দিয়েছেন তামাকের ব্যবহার নিয়ন্ত্রণের লক্ষ্যে কাজ করা বিভিন্ন সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 12:29 AM

Updated : 22 Aug 2022, 06:23 PM

শুক্রবার বিকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবসকে সামনে রেখে আয়োজিত এক সেমিনারে সংগঠনের নেতারা এ পরামর্শ দেন।

প্রতিবছর ৩১ মে বিশ্বব্যাপী তামাকমুক্ত দিবস পালন করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় এবারের দিবসটির মূল প্রতিপাদ্য হিসাবে ঠিক করেছে- ‘তামাকের ওপর কর বাড়াও, রোগ মৃত্যু হার কমাও’।

লায়ন্স ক্লাব অফ ঢাকা ওয়েসিস-এর আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী।

তিনি বলেন, “তামাকের ক্ষতি নিয়ে বলার কিছু নেই। আমি মনে করি এই পণ্যটি সমাজের সবচেয়ে বেশি ক্ষতি করছে। এজন্য আমি সরকারের কাছে আশা করবো আসন্ন বাজেটে সিগারেটের ওপর কর হার বাড়ানোর পাশাপাশি কর স্তর চার থেকে কমিয়ে তিন করা হবে।

আইন অনুযায়ী, তামাক পণ্যের মোড়কের অর্ধেক জুড়ে ‘স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’  সতর্কতা বাণী লেখা থাকার কথা থাকলেও সিগারেট কোম্পানিগুলো তা করছে না। বাংলাদেশে ব্যবসারত বহুজাতিক সিগারেট কোম্পানিগুলো মোড়ক সতর্কতা বাণীর পরিমাণ বাড়াতে দেড় বছর সময় চেয়েছে।

সাবের হোসেন চৌধুরী এর বিরোধিতা করে বলেন, “সবচেয়ে বেশি সময় দিলে ৬ মাস দেওয়া যাবে। এর বেশি সময় দিতে আইন মন্ত্রণালয় রাজি হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তাতে আপত্তি জানানো উচিত হবে।”

লায়ন ইকবাল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সভাপতি এস এম শাহেদ হোসেন সেমিনারে সভাপতিত্ব করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের টেকনিক্যাল অফিসার (টোব্যাকো কন্ট্রোল) সৈয়দ মাহফুজুল হক বলেন, “যত মানুষ তামাক ব্যবহার করেন তার অর্ধেক মারা যান তামাকজনিত রোগে। এটি বিশ্বব্যাপী গবেষণায় প্রমাণিত।”

ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল সেলের সমন্বয়ক আমিন উল আহসান বলেন, তামাক নিয়ন্ত্রণে বাংলাদেশে খুবই শক্তিশালী আইন আছে। কিন্তু বিধি ও সদিচ্ছার অভাবে তার প্রয়োগ নেই।

সেমিনারের মুল প্রবন্ধ উপস্থাপক ‘কাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস’ –এর কান্ট্রি ডিরেক্টর তাইফুর রহমান জানান, বর্তমানে দেশে ৪ কোটি ১৩ লাখ লোক তামাকজাত পণ্য সেবন করেন। এরমধ্যে প্রায় আড়াই কোটি মানুষ জদ্দা, গুল, সাদা পাতাসেবী। বাকিরা বিড়ি-সিগারেট সেবন করেন।

আর ৪ কোটি ২০ লাখ মানুষ তামাকজাত পণ্যের পরোক্ষ ক্ষতির শিকার। যাদের মধ্যে শিশুরাও রয়েছে।

মূল প্রবন্ধে বলা হয়, প্রতিবছর তামাকজাত পণ্য সেবন করার কারণে ১২ লাখ লোক চিকিৎসা নিচ্ছেন। যাদের পেছনে ২৫ হাজার কোটি টাকা ব্যয় হয়।

এছাড়া তামাকজাত পণ্য ব্যবহার করায় প্রতিবছর ৫৭ হাজার থেকে দেড় লাখ পর্যন্ত লোক মারা যাচ্ছে। একইসঙ্গে পরিবেশের ক্ষতি হচ্ছে, মাটির উর্বরতা কমছে।

সরবরাহ ও চাহিদা কমানোর উদ্যোগ না নিয়ে এসব পরিসংখ্যান আরও ভয়াবহ হবে বলে মূল প্রবন্ধে উল্লেখ করা হয়।