মাথাপিছু আয় নিয়ে সরকারের প্রশংসা, মন্ত্রীর সমালোচনা
বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ১১৯০ ডলারে পৌঁছানোয় সরকারের প্রশংসা করেছেন অনেক পাঠকরা। আবার অনেকে প্রকাশ করেছেন বিস্ময়।
তবে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মাথাপিছু আয়ের প্রকৃত ‘তথ্যের’ চেয়ে ১০ ডলার কম বলায় সমালোচনাও করেছেন অনেকে। অনেক পাঠক মাথাপিছু আয় বাড়ার বিষয়ে ‘সন্দেহ’ও প্রকাশ করেন।
বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১১৯০ ডলারে পৌঁছেছে বলে পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে। সেইসঙ্গে চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশের উপরে থাকছে বলে তাদের হিসাব।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ এ উপাত্ত উপস্থাপিত হয়।
একনেক সভার পর পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মাথাপিছু আয় ১১৮০ ডলার বললেও পরে পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পক্ষ থেকে জানানো হয়, এই অঙ্কটি আরো ১০ ডলার বেশি।
বুধবার প্রকাশিত এই প্রতিবেদনের নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেইসবুক অনুসারীরা।
‘বাংলাদেশি’ নিক থেকে এক পাঠক মন্তব্য করেছেন, “শোকর আলহামদুলিল্লাহ; হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।”
জামাল উদ্দিন লিখেছেন, “যারা আওয়ামী লীগ করে তাদের হয়েছে।”
১০ ডলার কম তথ্য জানানোয় মন্ত্রীর সমালোচনা করে খন্দকার আজিজুল ইসলাম মিলন বলেছেন, “দেশের মোট জনসংখ্যা কত? মন্ত্রী বলতে পারবেন কি? ভুয়া আদমশুমারি করে দেশ-জাতিকে মিথ্যা তথ্য দেয়া হচ্ছে।”
জে আর রহমান বলেন, “কি হাস্যকর এইসব আজগুবি তথ্য। মাথা পিছু আয় যদি এতই হয় তাহলে দুবেলা দুমুঠো ভাতের জন্য রাস্তার ওপাশে থালা নিয়ে দিনরাত একজন ভিক্ষুক কেন পরে থাকে, কেনইবা একজন দিমজুর কিংবা কৃষকের সারাদিন অমানবিক খাটুনির পরও নুন আনতে পান্তা ফুরায়।”
আরিফ আহমেদের মতে ‘যতদিন হাসিনার হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ’।
