মঙ্গা হঠাতে ক্ষুদ্রঋণের ভূমিকা রয়েছে: মুহিত
শিক্ষা ও স্বাস্থ্যসেবা ছাড়া শুধু ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য দূর বা মানুষের ভাগ্য পরিবর্তন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তবে মঙ্গা দূর করতে সরকারের নানা উদ্যোগের পাশাপাশি ক্ষুদ্রঋণেরও অবদান রয়েছে বলে মনে করেন তিনি।
রোববার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ২৫ বছরে পদার্পণ উপলক্ষে ‘বর্ষব্যাপী রজতজয়ন্তী উদযাপনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন অর্থমন্ত্রী।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
সভাপতিত্ব করেন পিকেএসএফের পরিচালনা পর্ষদের সভাপতি কাজী খলীকুজ্জমান। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দারিদ্র্য দূরীকরণে ক্ষুদ্রঋণের ভূমিকার বিষয়টি উল্লেখ করে অর্থমন্ত্রী মুহিত বলেন, “ক্ষুদ্র ঋণ মানে দারিদ্র্য বিমোচন নয়। শিক্ষা ও স্বাস্থ্যসেবা না পেলে শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্য বিমোচন হবে না।
“তবে ঋণ দারিদ্র্য বিমোচনের একটা অংশ। আমরা নিঃসন্দেহে বলতে পারি ক্ষুদ্র ঋণ এক্ষেত্রে ব্যাপক অবদান রাখছে।”
“এখন আর আমরা মঙ্গার কথা শুনি না। কিন্তু ৫ বছর আগেও মঙ্গা নিয়ে আমাকে তটস্থ থাকতে হতো। সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি ক্ষুদ্র ঋণ মঙ্গা দূরীকরণে ভূমিকা রেখেছে।”
পিকেএসএফ প্রতিষ্ঠাকে একটি ভালো উদ্যোগ উল্লেখ করে মুহিত বলেন, “গরিবরা ঋণ পরিশোধ করে এটা সবাই বিশ্বাস করে। এই ধারণা থেকে মুহাম্মদ ইউনূস ক্ষুদ্র ঋণ চালু করেন। এরপর এই ধারণা নিয়ে আরও অনেকে এগিয়ে আসে। কিন্তু পুঁজি ও নেতৃত্বের অভাবে অনেক উদ্যোগ সফল হচ্ছিল না।
“যাদের পুঁজির অভাব তাদেরকে সহায়তা করতে সৃষ্টি হয় পিকেএসএফের। এটি বাংলাদেশ সরকারের নিজস্ব চিন্তা থেকেই আসে। দেশের অনেকগুলো ভালো কাজের মধ্যে এটি একটি।”
অর্থমন্ত্রী পরিসংখ্যান তুলে ধরে জানান, ১৯৮৬ সালে দেশের মোট ঋণের ৪ শতাংশ ছিল ক্ষুদ্র ঋণ। বর্তমানে তা ৩৩ শতাংশ। এরমধ্যে এক-তৃতীয়াংশ গ্রামীণ ব্যাংকের।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, “সরকার শিক্ষা প্রসারে নানা উদ্যোগ নিয়েছে। যে কারণে প্রাথমিক শিক্ষার হার এখন শতভাগ। শিক্ষার্থীদের ঝরে পড়াও কমেছে। এ ক্ষেত্রে ক্ষুদ্রঋণের অবদান রয়েছে। এছাড়া অনেক ক্ষুদ্র ঋণ বিতরণকারি প্রতিষ্ঠান শিক্ষা ও স্বাস্থ্য প্রকল্প বাস্তবায়ন করছে, যাদেরকে সহযোগিতা করছে পিকেএসএফ।”
পিকেএসএফের সভাপতি কাজী খলীকুজ্জমান ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে পিকেএসএফের কার্যক্রম আগামীতে আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন।
আগামী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ না দেয়ার বিষয়ে অর্থমন্ত্রীর ঘোষণাকে সাধুবাদ জানান খলীকুজ্জমান।
দারিদ্র দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৯৯০ সালের ২ মে পিকেএসএফ যাত্রা শুরু করে। বর্তমানে সংস্থাটি ২৭২টি এনজিওকে অর্থায়ন করছে। এসব এনজিও থেকে ৮০ লাখ ৮৮ হাজার ৪৪২ জন ঋণ নিয়েছেন।
