‘কর ফাঁকি’ দিয়ে চলছে দামি ২৬৫টি গাড়ি
মার্সিডিস বেঞ্জ, বিএমডব্লিউ’র মতো দামি ২৬৫টি গাড়ির সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যেগুলোর মালিকরা সরকারকে রাজস্ব দেননি।
রোববার সংসদীয় স্থায়ী কমিটিগুলোর সভাপতিদের সঙ্গে অর্থমন্ত্রীর প্রাকবাজেট আলোচনায় একটি জরিপে পাওয়া এই তথ্য তুলে ধরেন এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন।
‘গাড়ি-বাড়ি সার্ভে’ নামে গত ছয় মাস ধরে চালানো এই জরিপে ১ লাখ ৬২ হাজার বাড়ির তথ্যও পাওয়া গেছে বলে জানান তিনি, যার মালিকরা আয় থেকে কোনো কর দেননি।
সভায় বক্তারা বাজেট প্রণয়নের ক্ষেত্রে প্রত্যক্ষ কর বাড়াতে বিশেষ উদ্যোগ নেয়ার পরামর্শ দেয়ার প্রেক্ষাপটে এনবিআর চেয়ারম্যান এই তথ্য জানান।
গোলাম হোসেন বলেন,“আমাদের সার্ভেতে গত ১৮ এপ্রিল পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, সেই হিসেবে দেশে ১ লাখ ৬২ হাজার বাড়ি আছে, যার আয় থেকে মালিকরা কোনো কর দেন না।
“এছাড়া ২৬৫টি দামি গাড়ি পাওয়া গেছে, যার মধ্যে মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ডরোভার, বিএমডব্লিউ রয়েছে। এসব গাড়ির মালিকরা কয়েকশ’ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে। এমনকি অনেকে নিবন্ধনও করেননি।”
সভায় তিনি জানান, চলতি অর্থবরে ১২ লাখ ব্যক্তি নিজেদের আয়কর বিবরণী (রিটার্ন) দাখিল করেছেন, গত বছর এই সংখ্যা ছিল ১১ লাখ।
বর্তমানে সারাদেশে ১৮ লাখের মতো কর সনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রয়েছেন।
রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক কাউন্সিল (এনইসি) সম্মেলন কক্ষে এই প্রাকবাজেট আলোচনায় আবুল মাল আবদুল মুহিত সভাপতিত্ব করেন।
অন্তত ১০টি সংসদীয় কমিটির সভাপতি, অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থসচিব ফজলে কবীর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
