২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ লাখ ৩৫ হাজার কোটি টাকার বাজেট বাস্তবসম্মত: মির্জ্জা আজিজ

আসন্ন অর্থবছরের বাজেটের আকার দুই লাখ ৩৫ হাজার কোটি টাকা হলে তা বাস্তবসম্মত হবে বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 10:27 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

শনিবার রাজধানীতে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট নিয়ে এক আলোচনা সভায় এই মত দেন তিনি।

তিনি বলেন, “আমি একটি হিসাব করে দেখেছি, দুই লাখ ৩৫ হাজার কোটি টাকার কাছাকাছি আকারের বাজেট হতে পারে। ২ লাখ ৫০ হাজার কোটি টাকার বাজেট হলে সেটি কাগুজে হয়ে যাবে।”

অর্থনীতি বিষয়ক প্রতিবেদকদের সংগঠন ইকোনোমিক রির্পোটার্স ফোরামের (ইআরএফ) উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য্য ও ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টু।

মতিঝিলের ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) মিলনায়তনে ওই সভায় অর্থনীতিবিদ ও ব্যবসায়ীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বাস্তবায়নযোগ্য লক্ষ্যমাত্রা ধরে আগামী বাজেটের আকার নির্ধারণ করার পরামর্শ দেন বক্তারা।

মির্জ্জা আজিজ বলেন, জনপ্রশাসন খাত কতটুকু উৎপাদনশীল তা সবাই জানে। তবে এসব খাতে আগামী বাজেটেই বরাদ্দের হার কমানো যাবে না। ধীরে ধীরে কমাতে হবে।

তিনি দেশীয় ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ কমানোর পরামর্শ দিয়ে বিদেশি সহায়তার ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, “সরকারের উচিত ইনক্রিমেন্টাল (বছর বছর আকার বাড়ানো) ধারায় বাজেট করার চেয়ে পারফরমেন্স বাজেট করার দিকে যাওয়া। বাংলাদেশের মত দেশে এটা কঠিন, তবে সেদিকে যেতে হবে। যারা ভাল করবে সেদিকে নজর দিতে হবে।”

আগামী বাজেটকে বাস্তবানুগ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, “এমন কিছু হওয়া উচিত নয়, যা আমরা ধরতে না পারি। গত বার বাজেটে এমন হয়েছিল।”

দেবপ্রিয় ভট্টাচার্য্য বলেন, “বাজেটে যেসব সংখ্যা দেওয়া হয় সেগুলোর ওপর থেকে বাজার ও প্রশাসনের আস্থা দূর হয়েছে। সরকার যেসব লক্ষ্যমাত্র দেয় তা বাস্তবায়ন করতে চায় কিনা তা প্রশ্নের মুখে পড়েছে। এটা যখন হয় তখন অন্যান্য লক্ষ্যমাত্রা নিয়েও প্রশ্ন তৈরি হয়।”

ব্যবসায়ী নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ২০০৯ সাল থেকে বাজেটে দেওয়া সরকারের বিভিন্ন অঙ্গীকার বাস্তবায়ন না হওয়ার চিত্র তুলে ধরেন।

অর্থনীতিবিদ বিনায়ক সেন আগামী বাজেটে অবকাঠামো উন্নয়নের ওপর জোর দিয়ে বলেন, এবার বাজেটের পর সরকারের প্রথম চ্যালেঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেইন করাসহ অতি জরুরি অবকাঠামোর উন্নয়ন।

পোশাক কারখানাগুলোকে ঢাকা থেকে সরিয়ে নেওয়ার জন্য জরুরি ভিত্তিতে গ্যাস-বিদ্যুত সংযোগ দেওয়া ও দ্রুত ভবন তৈরির জন্য ফ্যাব্রিকেটেড (সরিয়ে নেওয়ার মত) ভবন তৈরির উপকরণ আমদানিতে শুল্কছাড় দাবি করেন বিজিএমইএর বর্তমান সভাপতি আতিকুল ইসলাম ও সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী।

সালাম মুর্শেদী বলেন, অনেক মালিক ঢাকা ছেড়ে শহরের বাইরে কারখানা করতে চান। এক্ষেত্রে তারা শহরে যেটুকু গ্যাস বিদ্যুত ব্যবহার করতেন সেটুকু ব্যবহারের জন্য সংযোগ দেওয়া জরুরি।

অনুষ্ঠানে অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জামান আহমদ, আমেরিকান চেম্বারের সভাপতি আফতাব উল ইসলাম, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি রবিকুর রহমান, ডিসিসিআই’র সভাপতি শাজাহান খান, এনবিআর’র সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ ও রিহ্যাবের সাবেক সভাপতি  তৌফিক এম সেরাজ বক্তব্য রাখেন।

সভা পরিচালনা করেন সাংবাদিক ফরিদ হোসেন। এছাড়াও ইআরএফের সভাপতি সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বক্তব্য রাখেন।