২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্প’ই সেরা: এডিবি

কৃষি ও আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য ২০১৩ সালে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সেরা প্রকল্পের পুরস্কার পেয়েছে ‘দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্প’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 09:11 PM

Updated : 22 Aug 2022, 05:39 PM

বাংলাদেশ ব্যাংক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

এডিবি’র অর্থায়নে পরিচালিত হচ্ছে এমন ৬৭টি প্রকল্পের মধ্যে এটি সেরা হিসেবে বিবেচিত হয়।

কৃষক পর্যায়ে ঋণ বিতরণের জন্য এডিবি এই শস্য বহুমুখীকরণ প্রকল্পে ২৬ মিলিয়ন ডলার (দুই’শ কোটি টাকা) অর্থায়ন করেছে।

বাংলাদেশ সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংকের মধ্যে স্বাক্ষরিত ঋণ চুক্তির আওতায় ২০১০ সালের ১৩ অক্টোবর প্রকল্পটির কাজ শুরু হয়।

এতে হোলসেল ব্যাংক হিসেবে কাজ করছে ইস্টার্ন ব্যাংক এবং বেসিক ব্যাংক লিমিটেড।

প্রকল্পে একমাত্র ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ব্র্যাক।

দেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৫ টি জেলার ৫৪টি উপজেলায় এ প্রকল্পের কার্যক্রম চলছে। প্রকল্পের অধীনে কৃষকরা ‘উচ্চ মূল্য ফসল’ উৎপাদনের জন্য একক এবং দলগত পর্যায়ে ঋণ সুবিধা পেয়ে থাকে। কৃষক পর্যায়ে সর্বনিম্ন ঋণসীমা ৫ হাজার এবং সর্বোচ্চ ঋণসীমা তিন লাখ টাকা।

প্রকল্পের আওতায় ইতিমধ্যে (৬ ফেব্রুয়ারী পর্যন্ত) প্রায় দেড় লাখ কৃষককে ১২৩ কোটি ২৩ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

চলতি বছরের মধ্যেই প্রকল্পের সমুদয় অর্থ কৃষক পর্যায়ে বিতরণ করা সম্ভব হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, “শুরুতে অনেক বাধা-বিপত্তি থাকলেও তা কাটিয়ে উঠে প্রকল্পের কাজ পূর্ণ দমে এগিয়ে চলছে। প্রকল্পটি দেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জীবনমান এবং চরম দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক মান উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। দেশের খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণেও প্রকল্পটির বিশেষ ভূমিকা রয়েছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচআই