টি টোয়েন্টিতে সাজবে ঢাকা, বরাদ্দ ১১৫ কোটি টাকা
মার্চে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে রাজধানী ঢাকাকে সাজাতে ১১৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
রোববার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভায় এই প্রকল্পসহ সাত হাজার ৭৩৫ কোটি টাকার ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়।
‘ইমপ্রুভমেন্ট অব রোড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড বিউটিফিকেশন ওয়ার্কস অ্যারাউন্ড মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম অ্যান্ড মেজর রোডস অব ঢাকা সিটি ফর আইসিসি ওয়ার্ল্ড কাপ টি-২০ বাংলাদেশ-২০১৪’ নামের প্রকল্পটির অধীনে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও দুটি আন্তর্জাতিক স্টেডিয়াম সংলগ্ন সড়কের অবকাঠামোগত উন্নয়ন করা হবে।
একইসঙ্গে সৌন্দর্যবর্ধন ও সাজ-সজ্জার কাজ এবং সুষ্ঠু যানবাহন চলাচল নিশ্চিত করতে কার্যক্রম পরিচালনা করা হবে বলে অনুমোদিত প্রকল্পের কার্যপত্রে উল্লেখ করা হয়েছে।
সরকারের ৯২ কোটি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিলের ২৩ কোটি টাকা নিয়ে মোট ১১৫ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগ এ প্রকল্প বাস্তবায়ন করবে।
প্রায় ২৩ কিলোমিটার সড়কের অবকাঠামোগত উন্নয়ন, ২৩ দশমিক ৫০ কিলোমিটার সড়কের ট্রাফিক সাইন, রোডমার্কিং আলোকায়ন ও বিদ্যুতায়ন এবং ২০ দশমিক ৫০ কিলোমটিার সড়ক উজ্জ্বল আলোয় সজ্জিত করা, সৌন্দর্যবর্ধন ও ডেকোরেশন কার্যক্রম প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সভায় ‘মিউনিসিপ্যাল গভরন্যান্স অ্যান্ড সার্ভিসেস’ নামের অন্য একটি প্রকল্প অনুমোদন করা হয়। এর আওতায় দেশের চারটি নতুন সিটি কর্পোরেশন এবং ২২টি গুরুত্বপূর্ণ পৌরসভায় ৬০০ কিলোমিটার সড়ক, ৪১০ কিলোমিটার ড্রেনেজ লাইন, ১২টি বাস টার্মিনাল, চারটি ট্রাক টার্মিনাল, ২৬টি কিচেন মার্কেট, ২৬টি হোলেসল মার্কেট, ৩৬টি পাবলিক টয়লেট ও ছয়টি পার্ক উন্নয়ন করা হবে।
একইসঙ্গে এই প্রকল্পের আওতায় ৫৭০ মিটার সেতু/কালভার্ট নির্মাণ করা হবে। প্রকল্পের মাধ্যমে ১৪৬টি পৌরসভার ক্যাপাসিটি বিল্ডিং ও ইমপ্লিমেন্টেশন সাপোর্ট দেয়া হবে।
এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৪৭১ কোটি টাকা। বিশ্বব্যাংক এ প্রকল্পে এক হাজার ৯৫৪ কোটি টাকা দেবে।
চলতি মাস থেকে কাজ শুরু করে ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করবে স্থানীয় সরকার বিভাগ।
সভায় অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলো হল- হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রকল্প (ব্যয় ২০৫৪ কোটি টাকা), ১০০টি উপজেলায় টেকনিক্যাল স্কুল (টিএস) স্থাপন প্রকল্প (৯২৪ কোটি টাকা), এস্টাবলিসমেন্ট অব ৩০ (থার্টি) টেকনিক্যাল ট্রেনিং সেন্টার্স (টিটিসি) ইন ডিফারেন্ট ডিস্ট্রিক্টস প্রকল্প (৮২৬ কোটি টাকা), সমন্বিত খামার ব্যবস্থাপনা অঙ্গ, কৃষি উৎপাদন ও কর্মসংস্থান কর্মসূচি প্রকল্প ( ৪৩২ কোটি টাকা)।
বাংলাদেশ রেলওয়ে সংস্কার (১ম সংশোধিত) প্রকল্প (৩১৫ কোটি টাকা), মধুমতি নদীর উপর কালনা সেতু নির্মাণ প্রকল্প (২৪৫ কোটি টাকা), কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট-মিঠামইন সড়ক উন্নয়ন (চামড়াঘাট-মিঠামইন অংশ) প্রকল্প (৮৯ কোটি টাকা), পত্নীতলা-সাপাহার-রহনপুর সড়ক উন্নয়ন প্রকল্প (১২৮ কোটি টাকা), কানসাট-রহনপুর-ভোলাহাট সড়ক উন্নয়ন প্রকল্প (৩৩ কোটি টাকা), শহীদ মনসুর আলী (পিপুলবাড়ীয়া-সোনামুখী-ধুনট) সড়ক উন্নয়ন প্রকল্প (৫৩ কোটি টাকা) এবং বিরুলিয়া-আশুলিয়া সড়ক নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্প।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অনুমোদিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, সভায় ছয় মন্ত্রণালয়ের মোট ১৩টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এসব প্রকল্পে মোট সাত হাজার ৭৩৫ কোটি টাকা ব্যয় হবে। প্রকল্প ব্যয়ের তিন হাজার ৫৮৮ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং অবশিষ্ট চার হাজার ১৪৭ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ একনেকের অন্যান্য সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্য, মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
