প্রভিশন শর্ত শিথিল চায় এবিবি
আর্থিক খাতের বর্তমান সংকট তুলে ধরে ব্যাংকগুলোর নিরাপত্তা সঞ্চিতির (প্রভিশন) শর্ত শিথিল করার দাবি জানিয়েছে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।
রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে এক চিঠিতে এ দাবি জানায় এবিবি।
শেয়ার বিনিয়োগের লোকসানের বিপরীতে রাখা প্রভিশনের শর্ত শিথিলের অনুরোধ জানিয়ে চিঠিতে বলা হয়েছে, শেয়ারের দাম পড়ে যাওয়া, কিছু কিছু ক্ষেত্রে বুক ভ্যালুর নিচে নেমে যাওয়ার কারণে ব্যাংকগুলোকে উচ্চ প্রভিশন রাখতে হচ্ছে।
এসব পরিস্থিতি বিবেচনা করে ২০১৩ সালের জন্য সংরক্ষিত প্রভিশনের হাত থেকে ব্যাংকগুলোকে অব্যাহতির অনুরোধ জানিয়েছে এবিবি।
আগামী ২০১৪ ও ২০১৫ সালে ৮টি ত্রৈমাসিকে সমান কিস্তিতে এই প্রভিশন রাখারও প্রস্তাব করেছে সংগঠনটি।
এর আগের ২০১২ সালের প্রভিশন সংরক্ষণেও একই সুযোগ চায় ব্যাংক, যদিও তা সংরক্ষণ করা হয়েছে। এছাড়া প্রভিশন সংরক্ষণের পরিবর্তনের কারণে নগদ লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে কোন ধরনের শর্ত না দেয়ার বিষয়েও অনুরোধ জানিয়েছে এবিবি।
এছাড়া স্বল্প মেয়াদি কৃষি ও ক্ষুদ্র ঋণের সাধারণ প্রভিশন ৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ২৫ শতাংশ করা, সাপেক্ষে দায়ের স্থিতির ওপর সংরক্ষিত প্রভিশনের হার ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করা, আর্থিক প্রতিবেদনের হিসাবের বাইরের দায় স্থিতির ওপর ঝুঁকি ভিত্তিক সম্পদ হিসাবায়নের হার ১০০ শতাংশ থেকে কমিয়ে ৫০ শতাংশ করারও অনুরোধ জানানো হয়েছে।
এর আগে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) থেকেও একই দাবি জানানো হয়েছিল।
এ বছরের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের প্রাতিষ্ঠানিক কর কমানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতাও প্রত্যাশা করা হয়েছে ওই চিঠিতে। সাধারণত যেকোন লোকসান ও খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন রাখতে হয়।
লোকসান এবং মন্দ ও ক্ষতি পর্যায়ের ঋণের বিপরীতে ১০০ ভাগ, সন্দেহজন খেলাপি ঋণের বিপরীতে ৫০ শতাংশ এবং সাব-স্ট্যান্ডার্ড ঋণের বিপরীতে ২৫ শতাংশ প্রভিশন রাখতে হয়।
ব্যাংকগুলোর মুনাফা থেকে এসব প্রভিশন করার নিয়ম। এতে ব্যাংকের মুনাফা কমে যায়।
