স্কুল ব্যাংকিংয়ের জন্য নীতিমালা হলো
চালু হওয়ার প্রায় তিন বছর পর স্কুল ব্যাংকিংয়ের জন্য নীতিমালা প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক।
ছয় থেকে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীরা স্কুল ব্যাংকিংয়ের আওতায় হিসাব খুলতে পারবে, যা তাদের বাবা-মা অথবা আইনগত অভিভাবকের মাধ্যমে পরিচালিত হবে নীতিমালায় বলা হয়েছে।
মঙ্গলবার এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা সংক্রান্ত এই নীতিমালা জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
নীতিমালায় বলা হয়, সঞ্চয়ী হিসাব আকারে শিক্ষার্থীদের এসব হিসাব খোলা যাবে, যা প্রয়োজনে স্থানান্তরের মাধ্যমে ১০০ টাকা জমা দিয়ে সঞ্চয়ী স্কীম খোলা যাবে।
এসব হিসাবের বিপরীতে এটিএম কার্ড (শুধুমাত্র ডেবিট কার্ড) ইস্যু করা যাবে। এটিএম কার্ডের মাধ্যমে এবং পয়েন্ট অব সেলসে (পিওএস) মাসিক উত্তোলন সীমা হবে সর্বোচ্চ দুই হাজার টাকা। তবে, অভিভাবকের অনুরোধের প্রেক্ষিতে এই সীমা বাড়িয়ে সর্বোচ্চ ৫ হাজার টাকা করা যাবে বলে নীতিমালায় বলা হয়েছে।
ফাইল ছবি
এসব হিসাবের মাধ্যমে ব্যাংক ছাত্র-ছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠানের মাসিক বেতন, ফি ও অন্যান্য ফি সংগ্রহ (শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সমঝোতার মাধ্যমে) করতে পারবে।
হিসাব খোলার সময় ছাত্র-ছাত্রীদের জন্ম নিবন্ধন সনদ এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র, প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র, অভিভাবকের সর্বশেষ মাসের বেতন রশিদের সত্যায়িত অনুলিপি দিতে হবে। এসব দলিলাদি বাধ্যতামূলকভাবে ব্যাংক সংরক্ষণ করবে। হিসাবে জমাকৃত অর্থের উৎসের আইনগত বৈধতার বিষয়ে নিশ্চিত হতে হবে এবং সম্পাদিত লেনদেন সে প্রেক্ষিতে যৌক্তিক হতে হবে।
নীতিমালায় বলা হয়েছে, ছাত্র-ছাত্রীদের ব্যাংকিং কার্যক্রমে সহায়তার জন্য ব্যাংকগুলোর শাখা স্বতন্ত্র কাউন্টার বা ডেস্ক স্থাপন করতে পারে। অন্যান্য কাজের পাশাপাশি এই কাউন্টারে ছাত্র-ছাত্রীদের হিসাবে জমা ও উত্তোলনসহ অন্যান্য সেবা প্রদান করবে।
শিক্ষার্থীদের সব ধরনের বৃত্তি ও উপবৃত্তির অর্থ এই হিসাবগুলোতে জমা করা যাবে। এক্ষেত্রে, বৃত্তি, উপবৃত্তি দাতা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থাগুলোকে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে সমঝোতা চুক্তি করতে হবে।
হিসাবগুলোতে শিক্ষা বীমা সুবিধা দিতে পারবে ব্যাংকগুলো যাতে ছাত্র-ছাত্রীরা আর্থিক সঙ্কটে বীমার আওতায় সহায়তা পায়।
হিসাবধারীর বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে হিসাবধারীর সম্মতির প্রেক্ষিতে এরূপ হিসাব সাধারণ সঞ্চয়ী হিসাবে রূপান্তরিত হবে এবং তা চালু থাকবে।
তবে হিসাব খোলার সময় মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক আইন পরিপালন করতে হবে। এজন্য প্রত্যেক গ্রাহকের কেওয়াইসি (নো ইউর কাস্টমার) রাখতে হবে। গ্রাহক ও গ্রাহকের অভিভাবক উভয়কেই কেওয়াইসি ফরমে স্বাক্ষর করতে হবে। গ্রাহককে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
সঞ্চয়ের মাধ্যমে স্কুল ছাত্র-ছাত্রীদের অর্থনৈতিক তথা ব্যাংকিং কর্মকাণ্ডে অংশগ্রহণের লক্ষ্যে ২০১০ সালে স্কুল ব্যাংকিং প্রচলন করার জন্য সব তফসিলী ব্যাংককে পরামর্শ দেয় বাংলাদেশ ব্যাংক।
তারই ধারাবাহিকতায় অধিকাংশ তফসিলী ব্যাংক স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু করেছে। বর্তমানে ৪৬টি ব্যাংক স্কুল ব্যাংকিং কার্যক্রম করছে। এসব ব্যাংকে চলতি বছরের জুন পর্যন্ত ২ লাখ ২৪ হাজার ৭১৯টি হিসাব খোলা হয়েছে। হিসাবগুলোতে ১২৮ কোটি ৪৭ লাখ টাকা স্থিতি দাড়িয়েছে।
এতদিন ধরে এসব কার্যক্রম চলে আসলেও এর কোন নীতিমালা ছিল না।
