‘সুদহার কমানোর দাবি বিবেচনা করবে সরকার’
দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের দাবির প্রেক্ষিতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর বিষয়টি সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এজন্য চলতি মাসের মধ্যেই ব্যবসায়ী ও ব্যাংকারদের কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছেন তিনি।
তাদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী বলেন, “আপনারা সুদ হার নিয়ে আরো বিস্তারিত আলোচনা করেন। এরপর একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা এমাসের মধ্যেই আমার কাছে দেন। আমাদের আরো কিছু দিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। দেখি আমরা কি করতে পারি।”
সোমবার ব্যাংক সুদের হার ও চার্জ বিষয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত সেমিনারের বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।
সেমিনারে ব্যবসায়ীরা বলেন, ব্যাংক ঋণের উচ্চ সুদহারের কারণে উৎপাদন খরচ বাড়ায় ব্যবসায়ীদের প্রতিযোগিতা সক্ষমতা কমছে আর ভোক্তাদের ওপর চাপ বাড়ছে।
সরকারের সঞ্চয়পত্রের উচ্চ সুদ, ব্যাংকের মুনাফার ওপর অতিরিক্ত কর্পোরেট ট্যাক্স, পুঁজিবাজারের ওঠানামা ও উচ্চ মূল্যস্ফীতির কারণে ব্যাংক অতিরিক্ত সুদ আরোপ করতে বাধ্য হয় জানিয়ে এসব খাতের মধ্যে সমন্বয় করার দাবি জানান ব্যাংকাররা।
জবাবে অর্থমন্ত্রী বলেন, “সুদ হার নিয়ন্ত্রণে রাখার জন্য মুলতঃ যা করা দরকার সেটা হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। আমরা সেটা ঠিকমতো করছি।”
এছাড়া বাংলাদেশ ব্যাংক ৫ শতাংশ সুদে ৩৪শ’ কোটি টাকা পুনঃঅর্থায়ন করছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, “আবার দরকার হলে কোনো কোনো ক্ষেত্রে সুদ হার নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। যেমন সম্প্রতি পেঁয়াজে দেওয়া হয়েছে।”
তারপরও পুঁজিবাজারে ব্যাপক কারসাজি সুদ হারে প্রভাব ফেলে বলে মন্তব্য করে এটাকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দেন অর্থমন্ত্রী।
ব্যস্ততার কারণে সেমিনারের আলোচনা শেষ হওয়ার আগেই বক্তব্য দিয়ে চলে যান তিনি।
সেমিনারে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, অর্থনীতির স্বাভাবিক নিয়মে সুদ হার কমতে বাধ্য। এখনই উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
তবে ব্যাংকের সার্ভিস চার্জ বেশি হলে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
আতিউর বলেন, সুদ হার কমাতে হলে মুল্যস্ফীতি কমাতে হবে। এখন মুল্যস্ফীতি কমে ৭ শতাংশ হওয়ায় ১১/১২ শতাংশে ঋণ দেয়া সম্ভব।
“আমানতের সুদহারও কমছে। বাজারে যে পরিমাণ তারল্য আছে তাতে কেউ ১১ শতাংশের বেশি সুদ দিয়ে আমানত নিবে না।”
বিদেশ থেকে ৫ শতাংশের কম সুদে ২৮ হাজার কোটি টাকার ঋণ নেয়ায় বাজারে তারল্য রয়েছে বলে জানান তিনি।
এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, মেয়াদী ও চলতি মূলধনে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সুদ হার সবচেয়ে বেশি। উচ্চ সুদের কারণে বিনিয়োগ খরচ বাড়ছে। এতে উৎপাদন খরচ বাড়ছে, যা ব্যবসায়ীদের প্রতিযোগিতা সক্ষমতা কমানোর পাশাপাশি ভোক্তাদের ওপর চাপ বাড়াচ্ছে।
“মেয়াদী মূলধনের ক্ষেত্রে ব্যাংকগুলো ১৬ থেকে ১৮ শতাংশ পর্যন্ত সুদ নিচ্ছে। একইসঙ্গে সমন্বয়হীন সার্ভিস চার্জ রয়েছে। এসব কারণে বিনিয়োগ হচ্ছে না। এতে প্রবৃদ্ধি অর্জন কঠিন হওয়ার পাশাপাশি অনুৎপাদনশীল খাতে অর্থ চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।”
রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সেমিনারে অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের সভাপতি নজরুল ইসলাম মজুমদার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম, পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমেদ চৌধুরী, রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমদ আল কবির, পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম ও বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম।
সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর।
