গ্রামীণ ব্যাংকের বিষয়ে এখন ব্যবস্থা: মুহিত
গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড পর্যালোচনায় গঠিত কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
ওই প্রতিবেদন দেখে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গ্রামীণ ব্যাংকের সহযোগী ৫৪টি প্রতিষ্ঠানের ব্যাপারে কী ব্যবস্থা নেয়া যায়, সে বিষয়ে আলাদা প্রতিবেদন চেয়েছেন তিনি।
সাবেক সচিব মামুনুর রশীদ নেতৃত্বাধীন ‘গ্রামীণ ব্যাংক কমিশন’ তাদের চূড়ান্ত প্রতিবেদন সোমবার দুপুরে মন্ত্রণালয়ে পাঠায়।
অর্থমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমিশন তাদের আগের দেয়া অন্তর্বর্তীকালীন রিপোর্টের সঙ্গে কাঠামোগত কিছু বিষয় যোগ করে চূড়ান্ত রিপোর্ট দিয়েছে। আগের রিপোর্টের সঙ্গে খুব বেশি পার্থক্য নেই।
“আমার যেটা দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি। এখন আমি গ্রামীণ ব্যাংকের ব্যাপারে স্টেপ বাই স্টেপ ব্যবস্থা নেব।”
মুহিত বলেন, “তবে গ্রামীণ ব্যাংকের সহযোগী ৫৪টি প্রতিষ্ঠানের ব্যাপারে কী ব্যবস্থা নেয়া যেতে পারে- সে ব্যাপারে দ্রুত আলাদা সুপারিশ পাঠাতে আমি তাদের অনুরোধ করেছি।”
“সে সুপারিশ পাওয়া গেলে ওই ৫৪ প্রতিষ্ঠানের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। কিন্তু গ্রামীণ ব্যাংকের ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য যা দরকার ছিল, আমি তা পেয়ে গেছি।”
গ্রামীণ ব্যাংক কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন পাওয়ার পর এরই মধ্যে কেন্দ্রীয় বাংকের কাছে আর্থিক হিসাব দেয়ার বাধ্যবাধকতা রেখে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
এনএসসি সম্মেলন কেন্দ্রে দেশের অর্থনীতির সামগ্রিক চিত্র তুলে ধরার অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি: নয়ন কুমার/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
গ্রামীণ ব্যাংকের সূচনা হওয়ার পর থেকেই এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন মুহাম্মদ ইউনূস।
অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার কারণ দেখিয়ে ২০১১ সালের মার্চে তাকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। ইউনূস আদালতে গেলেও ওই পদে ফিরতে পারেননি।
২০১০ এর ডিসেম্বরে নরওয়ের টেলিভিশনে প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে নোবেলজয়ী ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংককে দেয়া বিদেশি অর্থ এক তহবিল থেকে অন্য তহবিলে স্থানান্তরের অভিযোগ ওঠে। এরপর দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।
এই পরিপ্রেক্ষিতে গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড পর্যালোচনায় ২০১২ সালের মে মাসে একটি কমিশন গঠন করে সরকার।
এ বছরের ২৬ অগাস্ট কমিশন তাদের প্রাথমিক প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়, যাতে ব্যাংকের বর্তমান কাঠামো বদলে বিকেন্দ্রীকরণের সুপারিশ করা হয়।
