২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংকের চেয়ে এডিবিতেই স্বস্তি: মুহিত

উন্নয়ন সহযোগী হিসেবে বিশ্ব ব্যাংকের চেয়ে এশীয় উন্নয়ন ব্যাংক- এডিবির সঙ্গে কাজ করতে স্বস্তি পান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 11:34 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

ম্যানিলাভিত্তিক এই দাতা সংস্থাটির ৪০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে অর্থমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আগামী ১৫ বছরের মধ্যে বাংলাদেশ ঋণ গ্রহীতা থেকে দাতা দেশে পরিণত হবে।

মুহিত বলেন, “উন্নয়ন সহযোগী হিসেবে বিশ্বব্যাংকের চেয়ে এডিবির সঙ্গে কাজ করা বিভিন্ন দিক দিয়ে স্বস্তিদায়ক। এ দুই সংস্থার সঙ্গে কাজ করতে গিয়ে আমার অভিজ্ঞতা হচ্ছে, এডিবি আমাদের এই এশীয় অঞ্চলের বহুজাতিক ঋণদাতা প্রতিষ্ঠান। এই অঞ্চলের প্রতিষ্ঠান হওয়ায় তাদের সঙ্গে আমাদের বোঝাপড়া ভালো হয়।”

তিনি বলেন, “এডিবি আমাদের পরীক্ষিত বন্ধু। ১৯৭৩ সাল থেকে এই সংস্থাটি বাংলাদেশে তাদের কার‌্যক্রম পরিচালনা করছে। স্বাধীনতার পর থেকে এডিবি বাংলাদেশের উন্নয়নে অবদান রেখে চলেছে।”

পদ্মা সেতু প্রকল্প নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে তিক্ততার কথা উল্লেখ করে মুহিত বলেন, “যদিও এডিবি আমাদের পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গেছে। কিন্তু আমার বিশ্বাস, যে কোনো মুহূর্তে এডিবি আমাদের সবচেয়ে বড় এই অবকাঠামো প্রকল্পে ফিরে আসবে।”

সরকার পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থ না নেয়ার ঘোষণা দেয়ার পর এডিবিও এ প্রকল্প থেকে সরে যায়।

Image
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিভিআইপি টারমিনালে শনিবার অর্থমন্ত্রী এ এম এ মুহিত।ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিভিআইপি টারমিনালে শনিবার অর্থমন্ত্রী এ এম এ মুহিত।ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এডিবি আবাসিক প্রতিনিধি তেরেসা খো বলেন, এডিবি বাংলাদেশে ৪০ বছর সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করেছে। আমি আশা করবো আরও ৪০ বছর এ ধারা অব্যাহত থাকবে।

এ প্রসঙ্গে মুহিত বলেন, “শুধু ৪০ বছর নয়। আরও অনেক বছর এডিবি’র সঙ্গে বাংলাদেশের কার্যক্রম পরিচালিত হবে। তবে প্রেক্ষাপট পরিবর্তন হবে।”

“ইতিমধ্যেই আমরা অনেক উন্নতি করেছি। নির্ভরশীল জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে শুরু হরেছি। আমার আশা, আগামী ১৫ বছরের মধ্যে বাংলাদেশ ঋণ গ্রহীতা থেকে দাতা দেশে পরিণত হবে। তখন এডিবি’র সঙ্গে বাংলাদেশের কাজের ধরন পাল্টে যাবে।”

“একটি ঋণদাতা দেশ ও দাতা সংস্থার মধ্যে যেমন সম্পর্ক থাকে ঠিক তেমই সম্পর্ক হবে আমাদের,” বলেন অর্থমন্ত্রী।

নজর কেড়েছে, ভবিষ্যৎ উজ্জ্বল

অনুষ্ঠানে এডিবি’র ভাইস প্রেসিডেন্ট ব্রুস ডেভিস বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে বলেন, “বাংলাদেশের ভবিষ্যত উজ্জ্বল। এই দেশটি বিশ্বের নজর কেরেছে। গত কয়েক বছর ধরে ৬ শতাংশের উপর জিডিপি প্রবৃদ্ধি সত্যিই বিস্ময়কর। অনেক ভালো দেশও এমন প্রবৃদ্ধি অর্জন করতে পারেনি।”

বাংলাদেশে এডিবি’র ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে আসা ব্রুস ডেভিস বলেন, “বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। এই দেশের তৈরি ওষুধ বিশ্বের ৭০টি দেশে রপ্তানি হয়। সে কারণেই আমি বলছি, বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল।”

শনিবার রাতে রাজধানীর ওয়েস্টিন হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত অর্থ্যাৎ গত চার দশকে ২৩৪টি প্রকল্পে প্রায় ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি, যোগাযোগ এবং পরিবেশ খাতে ঋণের বাইরে আরো প্রায় ১৬ হাজার কোটি টাকা অনুদান দিয়েছে এই সংস্থাটি।

বাংলাদেশ এডিবির কাছ থেকে প্রথম ঋণ পায় ১৯৭৩ সালে। ১৯৬৬ সালে যাত্রা শুরু করে এ পর্যন্ত ৬৭টি দেশে কাজ করছে সংস্থাটি।