টেলিকমে করহার কমলে উন্নত সেবা সম্ভব: ইনু
উচ্চ করহার কমানো সম্ভব হলে টেলিকম ব্যবসায়ীরা আরো উন্নত সেবা দিতে পারবে বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, “বাংলাদেশে খুব কম দামে টেলিকম সেবা পাওয়া যায়। কিন্তু এখানে টেলিকম ব্যবসায়ীরা উচ্চ করহারে জর্জরিত। করের হার কমানো সম্ভব হলে টেলিকম ব্যবসায়ীরা আরো উন্নত সেবা দিতে পারবে।”
রোববার রাজধানীতে ‘বাণিজ্যিক স্বাধীনতা: মোবাইল টেলিযোগাযোগ শিল্লের টেকসই উন্নয়নের চাবিকাঠি’ বিষয়ে এক জাতীয় সংলাপে একথা বলেন তিনি।
টেলিযোগাযোগের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি সেবার মান নিয়ন্ত্রণে যথাযথভাবে কাজ করছে না জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, মোবাইল ফোন নেটওয়ার্ক সমস্যায় পড়ে অনেক সময় গ্রাহকরা ক্ষতির সম্মুখীন হয়।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক এই সভাপতি বলেন, “টেলিকম সেক্টরে নিয়ন্ত্রণ থাকা উচিত। তবে তা হবে সর্বসম্মতিক্রমে, যা হবে ব্যবসাবান্ধব। নিয়ন্ত্রণ যেন হস্তক্ষেপ বা অনুপ্রবেশের জায়গায় না যায়।”
তবে তরঙ্গ বরাদ্দের ক্ষেত্রে বিটিআরসির যুগোপযোগী নীতিমালা থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ উন্নয়ন পরিষদ আয়োজিত সংলাপে বিটিআরসি চেয়ারম্যান বলেন, “ব্যবসা ক্ষেত্রে স্বাধীনতা চাইলেও অনেক সময় তা দেয়া যায় না। কারণ অপারেটররা এখনো গ্রাহকদের পুরোপুরি বিশ্বাস অর্জন করতে পারেনি।”
গ্রাহকের সেবা নিশ্চিত করতে অপারেটরদের সেলফ রেগুলেটরি ব্যবস্থা থাকা উচিত বলে মনে করেন তিনি।
গ্রাহকের স্বার্থ বিবেচনা করে নিয়মের মধ্যে থেকেই টেলিযোগাযোগ খাতের বিকাশে অপারেটররা বাণিজ্যিক স্বাধীনতা ভোগ করবে বলেও মন্তব্য করেন বিটিআরসি প্রধান।
তিনি আরো বলেন, অপারেটররা ব্যবসায় স্বাধীনতা যেমন ভোগ করবে তেমনই গ্রাহক ও জনগণের কাছে তাদের দায়বদ্ধও থাকতে হবে, যা সরকারের রয়েছে।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন বলেন, দেশের টেলিকম খাতের উন্নয়ন ও ভোক্তা স্বার্থ রক্ষায় যতটুকু দরকার ততটুকু স্বাধীনতা টেলিকম ব্যবসায়ীদের দেয়া উচিৎ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ, পিকেএসফ চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান, অপারেটর রবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার এবং বাংলাদেশ উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক ড. নিলুফার বানু।
সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যারিস্টার আনিক আর হক।
