সরকারের শেষ বাজেট পাস
নির্বাচনের আগে মহাজোট সরকারের শেষ বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে বড় কোনো পরিবর্তন ছাড়াই।
দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার এই বাজেট অনুযায়ীই সোমবার থেকে চলবে সরকারের কার্যক্রম।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার কণ্ঠভোটে জাতীয় বাজেট পাস হয়। এর ঠিক পনের মিনিট আগে কথা বলতে না দেয়ার অভিযোগ তুলে ওয়াক আউট করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা।
এ সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত ছিলেন। তবে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়া রোববার আসেননি।
বর্তমান সরকারের পাঁচটি বাজেট অধিবেশনের মধ্যে এবারই প্রথম প্রধান বিরোধী দল বিএনপি সংসদের বাজেট অধিবেশনে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেয়। তবে গত ৬ জুন বাজেট উপস্থাপনের দিন তারা অধিবেশনে ছিল না।
রোববার মঞ্জুরি দাবির ওপর দেয়া বিরোধী দলের দুটি ছাঁটাই প্রস্তাব স্পিকার গিলোটিনে দিলে প্রতিবাদে ওয়াকআউট করেন বিএনপির সাংসদরা।
নতুন অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে ৬৫ হাজার ৮৭০ কোটি টাকা। তবে স্বায়ত্বশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নে এডিপিতে ৮ হাজার ১১৪ কোটি টাকার কর্মসূচি রয়েছে। সব মিলে ২০১৩-১৪ অর্থবছরের এডিপিতে মোট খরচ দেখানো হচ্ছে ৭৩ হাজার ৯৮৪ কোটি টাকা। নতুন বছরে অনুন্নয়ন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে এক লাখ ৫৬ হাজার ৬২১ কোটি টাকা।
নতুন অর্থবছরে রাজস্ব বাবদে এক লাখ ৬৭ হাজার ৪৪৯ কোটি টাকা পাওয়ার আশা করেছে সরকার, যার মধ্যে এক লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকার যোগান দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর, আমদানি শুল্ক এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে আদায় হবে এই অর্থ।
এই হিসাবে আয় এবং ব্যয়ের মধ্যে ঘাটতি থাকছে ৫৫ হাজার ৩২ কোটি টাকা, যা জিডিপির ৪.৬ শতাংশ।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট প্রস্তাবে জমি কেনার ক্ষেত্রে ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা সুযোগ আর রাখার কথা বললেও শনিবার রাতে জানান, বাজেটে ওই সুযোগ থাকছে না।
শনিবার পাস হওয়া অর্থবিলে শুল্ক কাঠামোয় আরো কিছু পরিবর্তন আনার কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী ৮টি বিষয়ের প্রস্তাব নতুন করে বিবেচনার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ করলে সেসব বিষয়ে সংশোধনী আনা হয়।
এর মধ্যে সংবাদপত্রের জন্য নিউজপ্রিন্ট আমদানিতে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব থেকে সরে এসে ১০ শতাংশ শুল্ক আরোপের কথা বলেছেন অর্থমন্ত্রী। প্লাস্টিকের পণ্য ও গৃহস্থালী সামগ্রী এবং অ্যালুমিনিয়ামের তৈজসপত্রের ওপর থেকেও অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।
বাজেট প্রস্তাবে আসবাবপত্র ও মিষ্টির দোকানকে সেবা খাতের বাইরে রাখা হয়েছিল। সংশোধনীতে তাও প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত দুটি ওষুধ আমদানির ক্ষেত্রে উৎসে করের প্রস্তাবও প্রত্যাহার করা হয়েছে। কমানো হয়েছে ১৮ শ’ সিসি ক্ষমতার রিকন্ডিশন্ড গাড়ির শুল্কও।
নির্দিষ্টকরণ বিল পাস
আগামী অর্থবছরের বাজেট ব্যয়ের বাইরে সরকারের বিভিন্ন ধরনের সংযুক্ত দায় মিলিয়ে মোট তিন লাখ ৪৪ হাজার ৫৫৯ কোটি ৮৬ লাখ ১১ হাজার টাকার নির্দিষ্টকরণ বিল রোববার কণ্ঠভোটে পাস হয়েছে।
এর মধ্যে সংসদ সদস্যদের ভোটে গ্রহণ করা অর্থের পরিমাণ দুই লাখ চার হাজার ৩১০ কোটি ৫২ লাখ ১৮ হাজার টাকা এবং সংযুক্ত তহবিলের ওপর দায় এক লাখ ৪০ হাজার ২৩৯ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার টাকা।
সংসদ অধিবেশনে সরকারি দল ও বিরোধী দলের একসঙ্গে উপস্থিত থাকার এই ছবি গত জুন মাসের।
সংযুক্ত তহবিলের দায়ের মধ্যে ট্রেজারি বিলের দায় পরিশোধ, হাইকোর্টের বিচারপতি ও মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে বেতন ইত্যাদি দায় অন্তর্ভুক্ত রয়েছে। মোট বাজেট ব্যয়ের মধ্যে বৈদেশিক অনুদান রয়েছে। সেই অনুদান বাদ দিয়ে রাষ্ট্রপতির কাছ থেকে নির্দিষ্টকরণ অর্থ মঞ্জুরের জন্য সংসদে পাস করা হয়।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রোবাবার বিকালে সংসদে তার কার্যালয়ে বসে অর্থবিল ও নির্দিষ্টকরণ বিলে সই করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সংসদ সচিবালয়ের সচিব মাহফুজুর রহমান।
মঞ্জুরী দাবি ও ছাঁটাই প্রস্তাব
আগামী অর্থ বছরের বাজেটের ওপর সংসদে উত্থাপিত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের বিষয়ে ৫৬টি মঞ্জুরি দাবির বিপরীতে বিএনপির ১৮ জন সংসদ সদস্যদের এক হাজার ২৩টি বিভিন্ন ধরনের ছাঁটাই প্রস্তাব আসে, যার সবগুলোই কণ্ঠভোটে নাকচ হয়।
এসব ছাঁটাই প্রস্তাবে মন্ত্রণালয় ও বিভাগ খাতে ব্যয় কমিয়ে সিংহভাগ ক্ষেত্রে মাত্র এক টাকা বরাদ্দ দেয়া, প্রতীক ছাঁটাই প্রস্তাবে ১০০ টাকা হ্রাস করা, মিতব্যয় ছাঁটাই প্রস্তাবে এক হাজার টাকা হ্রাস করার প্রস্তাব করা হয়।
জনপ্রশাসন মন্ত্রনালয়ের ছাঁটাই প্রস্তাব তোলার সময় বিরোধী দলের সদস্যদের সমালোচনা করে সংসদ কাজে জন প্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, “এক টাকায় কী নির্দলীয় প্রশাসন করা যায়?”
এ সময়, বিরোধীদলের পক্ষ থেকে বলা হয়, এক টাকার বিষয়টি ‘সিম্বলিক’।
জবাবে আশরাফ বলেন, “সিম্বলিক নামে নিজেদের খাটো করলে আমাদের ওপর জনগণের আস্থা থাকবে না। আমি কথা বলে তিক্ততা সৃষ্টি করতে চাই না।”
অর্থ বিভাগ খাতে ছাঁটাই প্রস্তাবে বিরোধী দলের সমালোচনার জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, “বেশিরভাগ বক্তব্য অবান্তর। বাংলাদেশে এখন ব্যাংক খাত যেভাবে চলছে- আগে সেভাবে চলেনি।
“আপনারা বলেছেন, অর্থ মন্ত্রণালয় ব্যর্থ, এটা আপনাদের বিষয়। বিশ্ব দেখছে, আপনাদের বক্তব্যে অসত্যের বেসাতি হয়েছে। পদ্মা সেতুতে কোনো চুরির নিদর্শন নেই।”
