অপ্রদর্শিত আয়ে জমি কেনার সুবিধা বাতিল
জমি কেনার ক্ষেত্রে কালো টাকা বিনিয়োগের ‘বিশেষ’ সুযোগ দেওয়ার প্রস্তাব বাতিলসহ বেশ কিছু সংশোধনী নিয়ে অর্থমন্ত্রীর উপস্থাপিত অর্থ বিল-২০১৩ শনিবার জাতীয় সংসদে পাস হয়েছে।
"মাননীয় প্রধানমন্ত্রী অপ্রদর্শিত আয় বিনিয়োগকে নিরুৎসাহিত করার লক্ষ্যে এ সংক্রান্ত প্রস্তাবটি বাতিল করা যেতে পারে বলে মত দিয়েছেন, আমি এ প্রস্তাবটি বাদ দিচ্ছি।"
৬ জুন ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, আবাসন খাতে গত বছরের ‘বিপর্যয়’ মোকাবেলায় প্লট ও ফ্ল্যাট কেনার ক্ষেত্রে অপ্রদর্শিত আয় বৈধ করার এই ‘বিশেষ সুযোগ’ দেয়া হয়েছিল।
বিকেল সোয়া ৩টায় অধিবেশন শুরু হয়। বিরোধীদলীয় নেত্রী ও প্রধানমন্ত্রীর বক্তব্যের পর রাত ৮টায় অর্থমন্ত্রী তার সমাপনী বাজেট বক্তব্য শুরু করেন।
বিভিন্ন সংশোধনীসহ অর্থমন্ত্রী রাত পৌণে ১০টায় তার বক্তব্য শেষ করেন। রাত ১০টা ৫০ মিনিটে অর্থ বিল পাশ হয়।
প্রধানমন্ত্রী তার বক্তৃতার শেষে প্রস্তাবিত বাজেটের কর ও শুল্ক বিষয়ে আটটি প্রস্তাব পরিবর্তনের জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানান।
অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর অনুরোধের পর আরও কিছু বিষয়ে সংশোধনী এনে অর্থ বিল পাশের জন্য সংসদে উত্থাপন করেন।
বিলে সংবাদপত্র শিল্পে ১০ শতাংশ শুল্ক দিয়ে নিউজপ্রিন্ট আমদানির সুযোগ দেয়া হয়।
বিদায়ী ২০১২-১৩ অর্থবছরের বাজেটে ৩ শতাংশ শুল্ক দিয়ে এ নিউজপ্রিন্ট আমদানি করা যেত।
প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী তা বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করেছিলেন। আর প্রধানমন্ত্রীর অনুরোধে অর্থমন্ত্রী তা কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করেন।
একইসঙ্গে সংবাদপত্র শিল্পে ব্যবহৃত প্রিন্টিং প্লেট আগের মতো মূলধনী যন্ত্রপাতি প্রজ্ঞাপনে অন্তর্ভূক্ত করা হয়েছে।
ফলে এখন ২ শতাংশ শুল্ক পরিশোধ করে প্রিন্টিং প্লেট আমদানি করা যাবে।
প্রস্তাবিত বাজেটে পণ্যের বাজারজাতকরণের জন্য একজন পরিবেশককে প্রদত্ত কমিশন বা ফি এর উপর ১০ শতাংশ হারে উৎসে কর কেটে রাখার প্রস্তাব করা হয়েছিল। সংশোধনীতে তা ৫ শতাংশ করা হয়েছে।
সংশোধনীতে প্লাস্টিকের তৈরি তৈজসপত্র ও গৃহস্থালী সামগ্রী এবং অ্যালুমিনিয়াম ও এনামেলের তৈরি কিচেন সামগ্রী ও তৈজসপত্রের উপর মূসক (ভ্যাট) অব্যাহতি সুবিধা অব্যাহত রাখা হয়েছে। প্রস্তাবিত বাজেটে এ সব খাতে মূসক অব্যাহতি সুবিধা প্রত্যহারের প্রস্তাব করা হয়েছিল।
বাজেট প্রস্তাবে আসবাবপত্র ও মিষ্টির দোকানকে সেবা খাতের আওতা থেকে বের করে পণ্য হিসাবে ঘোষণা করা হয়েছিল। সংশোধনীতে তা প্রত্যাহার করে নেয়া হয়েছে।
বিড়ির জন্য আরোপিত সংশোধিত ট্যারিফ মূল্যের প্রস্তাব বহাল রেখে বর্ধিত সম্পূরক শুল্ক (১০ শতাংশ ও ৫ শতাংশ হারে) প্রত্যাহার করা হয়েছে। এর ফলে ফিল্টার ছাড়া ২৫ শলাকা বিড়ির করসহ হ্রাসকৃত মূল্য দাঁড়াবে ৫ টাকা ৩৬ পয়সা এবং ফিল্টারযুক্ত ২০ শলাকার মূল্য ৬ টাকা ০৬ পয়সা।
ক্যান্সারের চিকিৎসায় ব্যয়বহুল দুটি ওষুধ Imatinib Capsule (Glivec) এবং Nilotinib (Tasigna) এর আমদানির ক্ষেত্রে অগ্রিম মূসক প্রত্যাহার করা হয়েছে।
মধ্যবর্তী কাঁচামাল নয় এবং চূড়ান্ত পণ্য হিসাবেও বিবেচ্য নয়- এমন ৪৩টি পণ্যের উপর ১০ শতাংশ আমদানি শুল্কের অতিরিক্ত ৫ শতাংশ রেগুলেটরি ডিউটি আরোপের যে প্রস্তাব করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে।
পোশাক শিল্পে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ কাজে ব্যবহৃত পণ্যের আমদানি শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হাইব্রিড ২ হাজার ৫০০ সিসির মোটরগাড়ি আমদানিকে সম্পূরক শুল্কের আওতামুক্ত রাখা হয়েছে। তবে এ সুবিধার অপব্যবহারের মাধ্যমে অত্যন্ত ব্যয়বহুল গাড়ি আমদানির অভিযোগ পাওয়া যাওয়ায় অপব্যবহার রোধে আমদানির ক্ষেত্রে বিদ্যমান রেয়াতি সুবিধা ২৫০০ সিসি এর বদলে ১৮০০ সিসি পর্যন্ত ক্ষমতার গাড়ির জন্য কার্যকর করা হয়েছে।
