২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট পাসের সময় বিএনপির ওয়াকআউট

মহাজোটের পাঁচ বছরে এই প্রথম বাজেট অধিবেশনের পুরোটা সময় থাকলেও বাজেট পাসের সময় ওয়াকআউট করেছে বিরোধী দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 09:17 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

রোববার নতুন অর্থবছরের বাজেটের ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় ‘কথা বলতে না দেয়ার’ অভিযোগে বাজেট পাসের ঠিক আগে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে আসেন বিএনপির সংসদ সদস্যরা।

তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার ইঙ্গিতে বিরোধী দলকে কথা বলতে না দিয়ে স্পিকার নিজের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছেন।

পরে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এম কে আনোয়ার বলেন, দুই হুইপের ঐকমত্যের ভিত্তিতে ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনার সিদ্ধান্ত হয়।

“আমরা আলোচনা করছিলাম, হঠাৎ করে স্পিকার দুটি প্রস্তাব গিলোটিনে দিয়ে দিলেন। এটি স্পিকারের সিদ্ধান্ত ছিল না, প্রধানমন্ত্রীর ইঙ্গিতে স্পিকার আলোচনা বন্ধ করে দিয়েছেন।”

সকালে অধিবেশনের শুরুতেই স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানান, জনপ্রশাসন, অর্থবিভাগ, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ এবং সেতু বিভাগ নিয়ে মঞ্জুরি ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা হবে।

দুপুর আড়াইটার দিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবি উত্থাপনের আগে স্পিকার বলেন, সময়ের স্বল্পতার জন্য তিনি বাকি প্রস্তাবগুলো সরাসরি ভোটে দিচ্ছেন।

বিদ্যুৎ ও সেতু বিভাগের মঞ্জুরির ওপর ছাঁটাই প্রস্তাব নিয়ে বিরোধী দল আলোচনার দাবি জানালেও স্পিকার প্রস্তাবগুলো সরাসরি ভোটে দেন। এর প্রতিবাদে দুপুর ২টা ৫৩ মিনিটে ওয়াক আউট করে বিরোধী দল।

আনোয়ার বলেন, “আমরা যখন আলোচনার দাবি জানাচ্ছিলাম, তখন সংসদ নেতা শেখ হাসিনা মাথা নাড়িয়ে না সূচক ইঙ্গিত দেন।

“প্রধানমন্ত্রীর ভূমিকার নিন্দা জানাই। খারাপ নজির সৃষ্টি করলেন। স্পিকার নিজের প্রতি ন্যায়বিচার করেননি।”

সংবাদ সম্মেলনে সাবেক স্পিকার মুহম্মদ জমিরউদ্দিন সরকার বলেন, “আমরা যে সময়টায় ঝগড়া করেছি, সে সময়ে ছাঁটাই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করা যেতো। বুঝলাম না, কেন দিলেন না।”

আনোয়ার বলেন, “বিদ্যুৎ খাত ও পদ্মা সেতুর দুর্নীতির বিষয়ে আলোচনা হোক, তা সরকারি দল চাননি। আলোচনা এড়াতেই আমদের সুযোগ দেয়া হয়নি।”

চলমান বাজেট অধিবেশনের বাকি দিনগুলোতে বিএনপি যোগ দেবে কি না- জানতে চাইলে তিনি বলেন, “দেখা যাক।”

৮৩ দিন পর গত ৩ জুলাই চলতি বাজেট অধিবেশনে সংসদে ফেরে বিরোধী দল। শনিবার বাজেট আলোচনায় বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। 

ওয়াক আউটের আগে এম কে আনোয়ার বলেন, “গভীর রাত হয়ে গেলে স্পিকার ছাঁটাই প্রস্তাব গিলোটিনে দিতে পারেন।”

জবাবে সরকারি দলের শেখ ফজলুল করিম সেলিম বলেন, বিরোধী দলের সদস্যরা ছাঁটাই প্রস্তাব দিয়ে ‘অসত্য কথা’ বলেন।

এ সময় প্রধান হুইপ আবদুস শহীদ বলেন, “বিরোধী দলে থাকতে আমাদের অনেক সময় কথা বলতেই দেয়া হয়নি। কার্যপ্রণালী বিধির ১১৯ ধারায় স্পিকার ছাঁটাই প্রস্তাব গিলোটিনে দিতে পারেন।”

সরকারি দলের তোফায়েল আহমদ বলেন, বিরোধী দলের সব সংসদ সদস্য কথা না বলে চার/পাঁচজন সদস্য বেশি সময় নিয়ে কথা বলতে পারতেন। স্পিকার কার্যপ্রণালী বিধি মেনেই সংসদ চালাবেন।