‘বাজেট বাস্তবায়নে চাই রাজনৈতিক সমঝোতা’
রাজনৈতিক সমঝোতা না হলে বাজেট বাস্তবায়ন করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা অসম্ভব বলে মত দিয়েছেন একটি সেমিনারের বক্তারা।
তারা বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখতে হলে দরকার রাজনৈতিক সমঝোতা। সমঝোতা ছাড়া বাজেট বাস্তবায়ন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা- কোনোটাই সম্ভব নয়।
রোববার রাজধানীতে শিগগিরই পাশ হতে যাওয়া আসন্ন বাজেট নিয়ে এক আলোচনা সভায় এমনই মত দিয়েছেন তারা।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) আয়োজনে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
মতিঝিলের চেম্বার ভবনে আয়োজিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক।
শিল্পমন্ত্রী বলেন,“রাষ্ট্র উন্নয়নে কতগুলো প্রধান ইস্যুতে ঐকমত্য থাকা উচিত। কিন্তু আমাদের তা নেই। টেকসই প্রবৃদ্ধির জন্য নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়ে ঐকমত্যে আসতে হবে।”
ওসমান ফারুক বলেন, রাজনৈতিক সমঝোতায় পৌছাতে না পারলে অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত হবে। বাজেট বাস্তবায়নও অসম্ভব হবে। সুতরাং রাজনৈতিক সমঝোতা জরুরি।”
তিনি বলেন, ২০২১ সালে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত হতে হলে প্রবৃদ্ধি বাড়িয়ে কমপক্ষে ৮ থেকে ১০ শতাংশ করতে হবে। একইসঙ্গে এই হারকে টেকসই করতে হবে।
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ বলেন, মোট বিনিয়োগ বাড়াতে হবে। অদক্ষতা দূর করার ও উৎপাদন ক্ষমতা বাড়নোর উদ্যোগ নিতে হবে।
সাবেক অর্থসচিব সিদ্দিকুর রহমান বলেন, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কীভাবে অর্জন হবে তা বাজেটে স্পষ্ট নয়। বাজেট ঘাটতির ফলে সুদ বাড়ছে। কালো টাকা বিনিয়োগের যে সুযোগ দেওয়া হয়েছে তা ঠিক নয়।
বার্ষিক উন্নয়ন কর্মসূচির গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাস্তবায়নে জোর দেয়ার সুপারিশ করেন তিনি।
এমসিসিআইয়ের সভাপতি রোকেয়া আফজাল চৌধুরী বলেন, বাজেট কীভাবে বাস্তবায়ন হবে তা স্পষ্ট না হওয়ায় প্রবৃদ্ধি অর্জন নিয়ে সংশয় থাকছে। রাজনৈতিক পরিস্থিতি বাজেটের গুণগত বাস্তবায়নে বাধা হতে পারে।
তিনি বলেন, “কালো টাকা যেভাবে সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। এতে আরো কালো টাকা হওয়ার সুযোগ সৃষ্টি হবে।”
পিআরআইয়ের চেয়ারম্যান জায়েদি সাত্তার বলেন, বেসরকারি খাতের বিনিয়োগ ত্বরান্বিত হওয়ার বিষয়ে বাজেটে কোনো উদ্যোগ নেই।
“কিন্তু প্রবৃদ্ধি লাভের জন্য বেসরকারি খাতের বিনিয়োগের কোন বিকল্প নেই।”
আহসান এইচ মনসুর তার প্রবন্ধে বলেন,“বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি বাজেটের লক্ষ্য অনুযায়ী প্রবৃদ্ধি অর্জন হবে না। আর প্রবৃদ্ধি অর্জন না হওয়ার কারণে লক্ষ্য অনুযায়ী রাজস্ব আয়ও হবে না। অভ্যন্তরীণ তারল্য ব্যবস্থাপনা ঠিক রাখা গেলে মূল্যস্ফীতির লক্ষ্য অর্জন হতে পারে।”
তিনি বলেন, “বাজেটে পুঁজিবাজার সংশ্লিষ্ট যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তাতে বাজার চাঙ্গা হবে। তবে বাজার চাঙ্গা করার জন্য এর চেয়ে বেশি কাজ দেবে স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি।”
