২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাজনৈতিক পরিস্থিতি ঠিক করবে বাজেট বাস্তবায়ন’

আগামী অর্থবছরের বাজেট বাস্তবায়ন রাজনৈতিক পরিস্থিতির ওপরই নির্ভর করছে বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 02:15 PM

Updated : 23 Aug 2022, 10:59 AM

শনিবার ‘সিপিডি সংলাপ : ২০১৩-১৪ অর্থবছরের বাজেট পর‌্যালোচনা’ শীর্ষক অনুষ্ঠানে এই মনোভাব প্রকাশ করা হয়।

লেইক শোর হোটেলে সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী নেতা, গবেষক ও ব্যাংকাররা আলোচনায় অংশ নেন। বিভিন্ন দেশের কূটনীতিকরাও অনুষ্ঠানে ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সিপিডির গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন প্রস্তাবিত বাজেটের ওপর একটি বিশ্লেষণ তুলে ধরেন।

রাজনৈতিক অস্থিরতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এরকম অবস্থায় বাজেট বাস্তবায়ন, বাজেটের বিভিন্ন লক্ষ্য অর্জন যথেষ্ট চ্যালেঞ্জিং।

কৃষি খাতের ভর্তুকি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয়, বৈদেশিক সহায়তা ও ব্যাংক ঋণ- সবই বাজেটকে জটিল করে তুলেছে বলে দাবি করেন তিনি।

অনুষ্ঠানে অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আ হ ম মুস্তফা কামাল বলেন, “রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগ বাড়ছে না। হরতাল, গাড়িতে আগুন দেওয়ার মত পরিস্থিতিতে বিনিয়োগকারীরা উৎসাহ পাচ্ছে না। তবে পরিস্থিতি ভালো হলে বিনিয়োগ আসবে।”

বিএনপি নেতা ওসমান ফারুক বলেন, “বতর্মানে অর্থনীতিতে স্থবিরতা চলছে। প্রবৃদ্ধির তুলনায় বিনিয়োগের হার কমে গেছে। কিন্তু বাজেটে বিনিয়োগ বাড়ানোর কোনো উদ্যোগ নেই।”

রেমিটেন্সসহ অর্থনীতির যে সূচকগুলো ভালো রয়েছে, তাতে সরকারের কোনো অবদান নেই বলে মনে করেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বড় আকারের এই বাজেট বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ রয়েছে। এছাড়া প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সুস্পষ্ট কোনো উদ্যোগও নেই।

আর্থিক খাত, পুঁজিবাজার, ব্যাংক খাতে বিভিন্ন সমস্যার সঙ্গে আমলাতান্ত্রিক জটিলতা ও প্রশাসনিক অদক্ষতা থেকে উত্তরণ স্বল্প সময়ে সম্ভব হবে না বলে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন কঠিন বলে মনে করেন তিনি।

এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, শিল্পের কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্ক আরোপ করায় শিল্প উৎপাদন ব্যাহত হবে।

কালো টাকা প্রসঙ্গে তিনি বলেন, “কালো টাকা শুধু ব্যবসায়ীদেরই আছে তা নয়; পেশাজীবী, চাকরীজীবীদেরও আছে। কালো টাকার সব উৎস বন্ধ করতে হবে।”

বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমদ বলেন, “সরকার যেভাবে কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছে, তা আইনবহির্ভূত।”

অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান নুরুল আমিন, এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাসির হোসেন, পরিকল্পনা কমিশনের সদস্য ফজলুল বারী, বিনিয়োগ বোর্ডের সাবেক নির্বাহী চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরীও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।