২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা প্রতিবেদন: সোমবার জবাব দেবেন মুহিত

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষকরা যে তদন্ত প্রতিবেদন দিয়েছেন তা ‘বস্তুনিষ্ঠ’ বলেই মনে করেন  অর্থমন্তী আবুল মাল আব্দুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 08:07 AM

Updated : 23 Aug 2022, 10:58 AM

বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “তাদের রিপোর্ট আমি পড়েছি। আগামী সোমবার আমার মতামত আমি পাঠিয়ে দেব। তাদের রিপোর্ট বস্তুনিষ্ঠ।”

তবে ১১ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষকরা ঠিক কোন কোন বিষয় তুলে এনেছেন তা বিস্তারিত বলেননি মুহিত। 

তিনি বলেন, “তারা যে সুপারিশ করেছে আমি সেগুলো দেখেছি। আমি তাদের অনুরোধ করব, তাদের রিপোর্ট এবং আমার জবাব যেন তারা বিশ্ব ব্যাংকের ওযেবসাইটে প্রকাশ করে।”

সোনালী ব্যাংক ইউকে লিমিটেডের ২০১২ সালের মুনাফা বাবদ ৪ লাখ পাউন্ড সরকারের কাছে হস্তান্তর উপলক্ষে অর্থ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুহিত।

বাংলাদেশে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি ইয়োহানেস সুট গত মঙ্গলবার অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ওই প্রতিবেদন তুলে দেন। মন্ত্রী সেদিন জানিয়েছিলেন, এ বিষয়ে পরে তিনি সংসদে বক্তব্য দেবেন।

২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বাংলাদেশের সঙ্গে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি করেছিল বিশ্ব ব্যাংক। তবে প্রকল্পের পরামর্শকের কাজ পাইয়ে দিতে ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের অভিযোগ ওঠায় সেই চুক্তি ঝুলে যায়।

ওই অভিযোগের তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রধান প্রসিকিউটর লুই গাব্রিয়েল মোরেনো ওকাম্পো নেতৃত্বাধীন তিন সদস্যের পর্যবেক্ষক দল দুই দফা বাংলাদেশ সফর করে। ওই দলের অন্য দুই সদস্য হলেন- হংকংয়ের দুর্নীতিবিরোধী স্বাধীন কমিশনের সাবেক কমিশনার টিমোথি টং এবং যুক্তরাজ্যের দুর্নীতি দমন কার্যালয়ের সাবেক পরিচালক রিচার্ড অল্ডারম্যান।

গত ডিসেম্বরে দ্বিতীয় দফা সফরে দুদক কর্মকর্তাদের সঙ্গে দুই দফা বৈঠক করেন পর্যবেক্ষকরা। তাদের সেই তদন্তের প্রতিবেদনই ছয় মাস পর মুহিতের হাতে এসেছে।

ওই প্রতিবেদন হাতে পাওয়ার আগেই দীর্ঘ টানাপড়েনের অবসানে চলতি বছর জানুয়ারিতে সরকার বিশ্ব ব্যাংককে ‘না’ বলে দেয়।

সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে দুদকের করা একটি মামলা বর্তমানে তদন্তাধীন। সেতু বিভাগের সাবেক সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়াসহ সাতজনকে আসামি করে দায়ের ওই মামলায় সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন বা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর নাম এলেও তাদের  আসামি করা হয়নি। 

তবে অর্থমন্ত্রীকে উদ্ধৃত করে বৃহস্পতিবার একটি দৈনিকের প্রতিবেদনে বলা হয়, দুর্নীতির অভিযোগে সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে ‘ব্যবস্থা নেয়া’ উচিৎ ছিল বলে বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষকরা উল্লেখ করেছেন।

বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তি বাতিল হয়ে যাওয়ার পর সরকার নিজস্ব অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেয়। আসন্ন অর্থবছরের বাজেটে এ প্রকল্পে ৬ হাজার ৮৫২ কোটি টাকা বরাদ্দও রেখেছেন অর্থমন্ত্রী মুহিত।

পুরনো খবর:

বিশ্ব ব্যাংকের ‘পদ্মা প্রতিবেদন’ মুহিতের হাতে