২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে সম্পূরক বাজেট পাশ

চলতি অর্থবছরের জন্য ১১ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাশ হয়েছে জাতীয় সংসদে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 05:46 PM

Updated : 25 Apr 2022, 06:50 PM

সোমবার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগসংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ২৩টি মঞ্জুরি দাবির পরিপ্রেক্ষিতে ২০১২-১৩ অর্থবছরের সম্পূরক বাজেটটি কণ্ঠভোটে পাস হয়।

আগামী ৩০ জুন সমাপ্য চলতি অর্থবছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য অর্থমন্ত্রী সংসদে ‘নির্দিষ্টকরণ (সম্পুরক) বিল-২০১৩’ উত্থাপন করেন।

বিলে চলতি অর্থবছরের অতিরিক্ত ব্যয় নির্বাহের জন্য ১১ হাজার ৫৫ লাখ ১১ কোটি টাকা মঞ্জুরের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

২০১২-১৩ অর্থবছরের বাজেটের আকার ছিলো এক লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকা। অর্থবছর শেষে এসে সংশোধিত বাজেটের আকার দাঁড়িয়েছে ১ লাখ ৮৯ হাজার ৩২৬ কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেট প্রস্তাবনায় ঘাটতি ধরা হয়েছিলো ৫ শতাংশ। সংশোধিত বাজেটে তা কমিয়ে চার দশমিক ৮ শতাংশ নির্ধারণ করা হয়।

সম্পূরক বাজেটের উপর মোট ২৯৯টি ছাঁটাই প্রস্তাব দেয়া হয়েছে। প্রস্তাবগুলোর মধ্যে পাঁচটি মঞ্জুরি দাবির বিপরীতে দেয়া ছাঁটাই প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা হয়। যদিও পরে সেগুলো কণ্ঠভোটে নাকচ হয়।

ছাঁটাই প্রস্তাবগুলো দেন-বিএনপির জয়নাল আবেদিন (ফেনী-২), নাজিম উদ্দিন আহম্মেদ (লক্ষীপুর-১), জাফরুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম-১৫), লুৎফুর রহমান (কক্সবাজার-৩), সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া (মহিলা আসন-৪১), আবুল খায়ের ভূইয়া (লক্ষীপুর-২), রেহানা আক্তার রানু (মহিলা আসন-৪০), এ এম মাহবুব উদ্দিন খোকন (নোয়াথালী-১), রাশেদা বেগম হীরা (মহিলা আসন-৩৯), শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী (লক্ষ্মীপুর-৩), নিলোফার চৌধুরী মনি (মহিলা আসন-৩৭), হারুনুর রশিদ (চাঁদপুর-৪) এবং স্বতন্ত্র সদস্য মো. ফজলুল আজিম।

সম্পূরক বাজেটে সর্বোচ্চ পাঁচ হাজার ৯৬৬ কোটি ৮১ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে কৃষি খাতে। সবচেয়ে কম ৬২ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ খাতে।

এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগে নয় কোটি নয় লাখ ৪০ হাজার টাকা, জন প্রশাসনে ২২ লাখ, ব্যাংক ও আর্থিক বিভাগ খাতে ৫৮৭ কোটি ৭২ লাখ, বাণিজ্য মন্ত্রণালয়ে ৩৩ কোটি ছয় লাখ, পররাষ্ট্র মন্ত্রণালয়ে নয় কোটি ৬৩ লাখ, প্রতিরক্ষা খাতে ৬৯৯ কোটি ৪৮ লাখ, আইন ও বিচার বিভাগ খাতে ৪০ কোটি ৭২ লাখ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৪৩৮ কোটি ২২ লাখ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ২৭ কোটি ৭৪ লাখ, তথ্য মন্ত্রণালয়ে ১৩ কোটি ৪৬ লাখ, ধর্ম মন্ত্রণালয়ে ৪৯ কোটি ২৬ লাখ, যুব ও ক্রীড়া খাতে ১০৪ কোটি ৬৪ লাখ, স্থানীয় সরকার বিভাগ খাতে ৭৮৭ কোটি ৫০ লাখ, পল্লী উন্নয়ন ও সমবায় খাতে ৮৯ কোটি ৬২ লাখ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ খাতে ৩১ কোটি ৫৭ লাখ, সড়ক বিভাগ খাতে এক হাজার ২১৮ কোটি ১৬ লাখ, বিদ্যুৎ খাতে ৬৭১ কোটি ২৬ লাখ, সুপ্রিমকোর্ট খাতে ১৩ কোটি ৫৩ লাখ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খাতে চার কোটি ৫৫ লাখ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান খাতে ১১ কোটি ৬৩ লাখ এবং দুর্নীতি দমন কমিশন খাতে দুই কোটি ৬৩ লাখ টাকা সম্পূরক বরাদ্দ অনুমোদন করা হয়েছে।

২০১১-২০১২ অর্থবছরের ৮ হাজার ৮৮০ কোটি টাকার সম্পূরক বাজেট পাস হয়েছিলো।