গাড়ি যত পুরনো, দাম তত কম
ব্যক্তিগত ব্যবহারের পুরানো গাড়ির দাম কমছে। অর্থমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী, গাড়ি যত বেশি পুরানো হবে, দাম তত কম হবে।
বর্তমানে ৫ বছর পর্যন্ত পুরনো গাড়ি আমদানি করা যায়।
ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিরুৎসাহিত করার পাশাপাশি সরকারের রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে মোটর গাড়ির শুল্ক-কর গত ২০০৯-২০১০ এবং ২০১০-২০১১ অর্থ বছরে পুনর্বিন্যাস করা হয়।
২০১১-২০১২ ও ২০১২-২০১৩ অর্থ বছরে এক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। আগামী অর্থ বছরেও বর্তমান শুল্ক কর কাঠামো অব্যাহত রাখার কথাই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট বক্তৃতায় বলেছেন।
তবে ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত পুরনো গাড়ির ক্ষেত্রে ২৫ শতাংশ অবচয় সুবিধা দেয়া আছে। ১০ শতাংশ ডিলারস কমিশনসহ এক্ষেত্রে সর্বসাকুল্যে ৩৫ শতাংশ অবচয় সুবিধা দেয়া হয়।
সবকিছু বাবদ(কনসুলিডেটেড) এই অবচয় সুবিধা ন্যায়ভিত্তিক নয় বলে অর্থমন্ত্রীর মনে হয়েছে, কারণ অনেক ক্ষেত্রে একটি পুরনো গাড়ির করভার একটি নতুন গাড়ির চেয়ে বেশি পড়ে।
এ কারণে বৃহস্পতিবার ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী কনসুলিডেটেড অবচয় সুবিধার পরিবর্তে বছরভিত্তিক অবচয় সুবিধা দেয়ার সুপারিশ করেন।
এছাড়া এক বছরের বেশি কিন্তু ২ বছরের কম পুরনো গাড়ির অবচয় সুবিধা ৩০ শতাংশ, দুই বছরের বেশি কিন্তু তিন বছরের কম পুরনো গাড়ির অবচয় সুবিধা ৩৫ শতাংশ, তিন বছরের বেশি কিন্তু চার বছরের কম পুরনো গাড়ির অবচয় সুবিধা ৪০ শতাংশ এবং ৫ বছর পর্যন্ত পুরনো গাড়ির অবচয় সুবিধা ৪৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
এ ক্ষেত্রে আমদানিকারকরা আলাদাভাবে কোনো ডিলার্স কমিশন পাবেন না। পুরনো গাড়ির যে ভিত্তি মূল্যের ওপর অবচয় দেয়া হবে, তা কোনোভাবে সমমানের নতুন গাড়ির দামের চেয়ে চেয়ে বেশি হবে না।
অর্থমন্ত্রীর প্রস্তাবের প্রতিক্রিয়ায় গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডার সাবেক সভাপতি ও এফবিসিসিআইর পরিচালক আব্দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারের এ উদ্যোগে জনসাধারণ যেমন কম দামে গাড়ি পাবেন, তেমনি রাজস্ব আয় বাড়বে।”
