২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানা ঝুঁকিপূর্ণ হলেই বন্ধ: বস্ত্রমন্ত্রী

সরেজমিনে পরিদর্শনের পর কোনো পোশাক কারখানা ঝুঁকিপূর্ণ মনে হলেই তা বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2013, 10:24 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

Image
t

t

বুধবার গার্মেন্টস শিল্প বিষয়ক মন্ত্রিসভা কমিটির এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বস্ত্র মন্ত্রী বলেন, “রানা প্লাজা ধসের পর পরিদর্শন শেষে ঝুঁকিপূর্ণ হওয়ায় ইতোমধ্যে ঢাকায় ১৬টি এবং চট্টগ্রামে দুটি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ মনে হলেই কারখানা বন্ধ করে দেওয়া হবে।”

এসব কারখানার শ্রমিকদের নিয়মিত বেতন দেয়া হবে বলে জানান তিনি।

মন্ত্রিসভা কমিটি ইতোমধ্যে কারখানা পরিদর্শনের কাজ শুরু করেছে জানিয়ে মন্ত্রী বলেন, “এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, সাভারের রানা প্লাজা ধস ও তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনা লোভের ফল।”

তবে এক দিনেই এসব ঘটনার সমাধান সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

“আমরা নীরবে বসে থাকব না, সুষ্ঠু সমাধানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”

গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে নিহতের সংখ্যা ইতোমধ্যে সাড়ে সাতশ ছাড়িয়ে গেছে। নয়তলা ওই ভবনে পাঁচটি পোশাক কারখানা ছিল, যেখানে ধসের সময়ও কাজ চলছিল।

সাভারের ঘটনার পর গাজীপুর, আশুলিয়া, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে গার্মেন্ট কারখানায় ফাটল দেখে শ্রমিকরা বেরিয়ে আসেন এবং সেসব কারখানায় ছুটি দিয়ে দেয়া হয়।   

দেশের পোশাক কারখানাগুলোর পরিস্থিতি খতিয়ে দেখতে এরইমধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি করেছে সরকার, যার প্রধান করা হয়েছে বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকীকে।  

তিনি বলেন, “যেসব প্রতিষ্ঠান নিজেদের কমপ্লায়েন্ট বলে দাবি করে তাদের কারখানাও পরিদর্শন করেছি। তারাও আইএলওর শর্ত এবং বিল্ডিং কোড পুরোপুরি অনুসরণ করেনি।”

পোশাক কারখানার নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে ইতোমধ্যে দুটি টাক্সফোর্স গঠন করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সভাপতি করে কারখানায় অগ্নি নিরাপত্তার বিষয়ক ১৫ সদসস্যের টাক্সফোর্স করা হয়েছে।

এছাড়া পোশাক শিল্প সম্প্রসারণ ও সহজীকরণে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে আরো একটি টাক্সফোর্স করা হয়েছে।

কারখানাগুলো ‘বিল্ডিং কোড’ অনুসরণ করে নির্মিত হয়েছে কিনা তা যাচাই করতে বিজিএমইএর কাছে নথি চাওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

গজারিয়ার গামেন্ট পল্লী করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কারখানাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সেখানে নেয়া হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান, দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী এ এইচ মাহমুদ আলী,  পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা এ সভায় অংশ নেন।

আদালতের নির্দেশনার পরেও ঝুঁকিপূর্ণ কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, জনবল সঙ্কটের কারণে কাজ বিলম্বিত হচ্ছে।

“আগে কারখানা পরিদর্শক ছিল মাত্র ১৩ জন। বর্তমানে এই সংখ্যা ২০ জনে উন্নীত করা হয়েছে। জনবল বৃদ্ধির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে চাহিদাপত্রও দেওয়া হয়েছে।”

পুরনো খবর:

গার্মেন্টের ‘নিরাপত্তা’ দেখতে বস্ত্রমন্ত্রীর নেতৃত্বে কমিটি