২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টের ‘নিরাপত্তা’ দেখতে বস্ত্রমন্ত্রীর নেতৃত্বে কমিটি

সাভারে ভবন ধসে বিপুল প্রাণহানির পর দেশের সব পোশাক কারখানার ‘নিরাপত্তা ব্যবস্থা’ খতিয়ে দেখতে বস্ত্রমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি করেছে সরকার।  

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2013, 11:28 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে সভাপতি এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানকে সহ-সভাপতি করে গঠিত এই কমিটি তিন মাসের মধ্যে দেশের সব গামেন্ট কারাখানা ঘুরে দেখে মন্ত্রিসভা কমিটিতে প্রতিবেদন দেবে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, “মন্ত্রিসভার আগের (২৯এপ্রিল) বৈঠকে একজন প্রতিমন্ত্রীর নেতৃত্বে এ কমিটি করার কথা হলেও আজ তা পরিবর্তন করে একজন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে নিয়ে এ কমিটি করা হয়েছে।”

সচিব জানান, কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিজিএমইএ, বিকেএমইএ ও শ্রমিক সংগঠনগুলোর প্রতিনিধিরা থাকবেন। কমিটি প্রধান ইচ্ছা করলে সদস্য বাড়াতে পারবেন।

“গার্মেন্ট শিল্প বিষয়ক মন্ত্রিসভা কমিটিতে প্রতিবেদন জমা হওয়ার পর তা মন্ত্রিসভাকে অবহিত করা হবে। মন্ত্রিসভা প্রতিবেদন দেখে পরে সিদ্ধান্ত নেবে।”

সাভার বাসস্ট্যান্ড এলাকার রানা প্লাজা গত ২৪ এপ্রিল ধসে পড়ে। এ ঘটনায় নিহতের সংখ্যা ইতোমধ্যে সাড়ে ৬ শ’ ছাড়িয়ে গেছে, যাদের অধিকাংশই পোশাক শ্রমিক।  

নয় তলা ওই ভবনে পাঁচটি পোশাক কারখানা ছিল। আগের দিন ভবনে ফাটল ধরার পরও পরদিন সকালে শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেছেন ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফিরে আসা কর্মীরা।