মানবিক কারণে ২ মের হরতাল প্রত্যাহারের আহ্বান
বিএপিসহ ১৮ দলীয় জোটের ডাকা বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দেশের ব্যবসায়ী সমাজ।
সোমবার এক যৌথ বিবৃতিতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নেতৃত্বে ৪১টি ব্যবসায়ী চেম্বার ও সমিতি এ আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “সাভার দুর্ঘটনার মানবিক বিপর্যয় কাটিয়ে ওঠা ও দেশের অর্থনীতির উন্নয়নের স্বার্থে মানবিক কারণে আগামী ২ মে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহারের আহবান করছে দেশের সমগ্র ব্যবসায়ী মহল।
“দেশের ব্যবসায়ী সমাজ মনে করে, এই মুহূর্তে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার ও তাদের চিকিৎসা সেবা দেয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই মানবিক বিচারেও এই হরতাল দেয়া সমীচিন নয়।”
ওই দিন সিপিবির ডাকা হরতাল প্রত্যাহার করায় দলটিকে অভিনন্দন জানিয়েছেন ব্যবসায়ীরা।
বিবৃতিতে আরও বলা হয়, “গত কয়েক মাসের রাজনৈতিক সহিংসতা ও অস্থিতিশীলতা অর্থনীতিকে এক অনিশ্চয়তার দিকে নিয়ে গেছে। এর সঙ্গে স্মরণকালের এতবড় বিপর্যয় দেশের সার্বিক অর্থনীতির উপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলছে।”
আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ ‘ইমেজ’ সংকটের মধ্যে পড়তে যাচ্ছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, “পোশাক, বস্ত্র, স্পিনশিল্পসহ সকল রপ্তানি শিল্পখাতে ইতিমধ্যেই যে নেতিবাচক প্রভাব ফেলতে (পড়তে) শুরু করেছে তার প্রভাব ব্যাংক, বীমা, আর্থিক ও পরিবহন খাতসহ সকল খাতেও অনুভূত হচ্ছে।”
এমতাবস্থায় আগামী ২ মের ডাকা হরতাল দেশের বিপর্যস্ত অর্থনীতিকে আরো বেশি বিপর্যস্ত করে তুলবে।
এতে বলা হয়, দেশের ব্যবসায়ী সমাজ আশা করে সব সহিংস রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থেকে দেশের সমগ্র শিল্প-কারখানায় স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনা, কাজের ঝুঁকিমুক্ত ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর যথাযথ গুরুত্ব আরোপ করে ২ মের হরতাল প্রত্যাহার করা হবে।
অন্যান্যের মধ্যে বিবৃতিতে স্বাক্ষর করেছেন- এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি এ কে আজাদ, এমসিসিআইয়ের সভাপতি রোকেয়া আফজাল রহমান, ডিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি আফসার করিম চৌধুরী, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান, রিহ্যাব সভাপতি নসরুল হামিদ, বিটিএমএ সভাপতি জাহাঙ্গীর আলামিন, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি সালমান এফ রহমান ও বিএবি সভাপতি নজরুল ইসলাম মজুমদার।
