নন-কমপ্লায়েন্ট কারখানায় ঋণ দিলে ‘শাস্তি’
উপযুক্ত কর্মপরিবেশবিহীন কোনো পোশাক কারখানাকে ঋণ দেয়া হলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক।
সাভারে বহুতল ভবন ধসে প্রায় চারশ শ্রমিকের প্রাণহানির প্রেক্ষাপটে রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
হোটেল সোনারগাঁওয়ে এসএমই ব্যাংকিং বিষয়ে এক সেমিনারে বক্তব্য রাখেন তিনি। বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি (বিবিটিএ), বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ও শিল্প মন্ত্রণালয় যৌথভাবে এর আয়োজন করে।
আতিউর বলেন, “আমি ব্যাংকের প্রধান নির্বাহীদের কঠোরভাবে সতর্ক করে বলতে চাই, কোনো নন-কমপ্লায়েন্ট কারখানা এবং এর মালিককে ঋণ দেবেন না।”
কোনো ব্যাংক নন-কমপ্লায়েন্ট পোশাক কারখানায় অর্থায়ন করলে তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, “ব্যাংক ব্যবসার সঙ্গে পোশাক কারখানার মালিক জড়িত থাকলে কমপ্লায়েন্ট প্রতিষ্ঠানকে ঋণ দেয়ার বিষয়টি ব্যাংকের প্রধান নির্বাহীদের মাধ্যমে নিশ্চিত করতে হবে।”
শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ইউরোপীয় ইউনিয়নের চ্যার্জ দ্যা এ্যাফেয়ার্স এন্ডু বার্নার্ড ও বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী বক্তব্য রাখেন।
এন্ডু বার্নার্ড বলেন, “এদেশের এসএমই খাতে নারী উদ্যোক্তাদের বিকাশে ইউরোপীয় ইউনিয়ন সহায়তা করতে চায়। কারণ এখাতে বিপুল সম্ভাবনা রয়েছে।”
