চট্টগ্রামে গ্যাস সংযোগ চেয়ে উপদেষ্টাকে চিঠি
চট্টগ্রামে শিল্প ও বাণিজ্যিক খাতে নতুন গ্যাস সংযোগ চেয়ে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টাকে চিঠি দিয়েছেন বন্দরনগরীর ব্যবসায়ীরা।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম শনিবার প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ই এলাহী চৌধুরীর কাছে এ চিঠি পাঠান।
চিঠিতে তিনি বলেন, গ্যাস সংকটের কারণে বিভিন্ন শিল্পোদ্যোক্তার প্রায় চার হাজার কোটি টাকার আমদানি করা মূলধনী যন্ত্রপাতি বিনষ্ট হচ্ছে।
“অথচ ওই ঋণের সুদ পরিশোধ করতে গিয়ে সংশ্লিষ্ট শিল্পোদ্যোক্তারা দেউলিয়াত্বের মুখে পড়ছেন। গ্যাস সংযোগের অভাবেই দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রে চরম নেতিবাচক প্রভাব পড়ছে।”
সম্প্রতি শিল্প ও বাণিজ্যিক খাতে নতুন গ্যাস সংযোগ দেয়ার ওপর আরোপিত আইনি নিষেধাজ্ঞা তুলে তিনটি সিএনজি স্টেশনসহ শিল্প খাতে ৯২টি প্রতিষ্ঠানে নতুন গ্যাস সংযোগের অনুমোদন দেয়া হয়েছে।
তবে নতুন অনুমোদনপ্রাপ্ত এসব শিল্প প্রতিষ্ঠানের তালিকায় বৃহত্তর চট্টগ্রামের কোনো প্রতিষ্ঠান নেই।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম চট্টগ্রামের যে সব প্রতিষ্ঠান গ্যাস সংযোগের জন্য আবেদন এবং প্রয়োজনীয় ফি প্রদানসহ সব কাজ শেষ করেছে সেগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে নতুন গ্যাস সংযোগ চান। এজন্য প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টার আন্তরিক প্রচেষ্টা ও ব্যক্তিগত উদ্যোগ প্রত্যাশা করেন তিনি।
