সভরেন বন্ড: আইএমএফের সঙ্গে কথা হবে মুহিতের
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে বাংলাদেশের সার্বভৌম বন্ড চালুর বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ মিশনের বর্ষবরণের অনুষ্ঠানে একথা জানান তিনি।
অর্থমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইএমএফ-এর সঙ্গে ‘সভরেন বন্ড চালুর ব্যাপারে কথা হবে। এটি চালুর চূড়ান্ত পর্যায়ে রয়েছি আমরা।”
বাংলাদেশে কোনো সভরেন বন্ড নেই। মুহিত বলেন, “আমাদের অর্থনীতির যে অবস্থা, তাতে আমার মনে হচ্ছে যে সভরেন বন্ড চালু করা উত্তম।”
১৭ ও ১৮ এপ্রিল বিশ্ব ব্যাংকে অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশে শিক্ষার অগ্রগতি ও অর্জন নিয়ে আলোচনা হবে। তার ফাঁকেই আইএমএফের সঙ্গে বসবেন মুহিত।
মন্ত্রী বলেন, “বিশ্ব ব্যাংককে এবার নতুন কোনো প্রস্তাব দিচ্ছি না। চলমান অনেক প্রকল্প রয়েছে, যেগুলোর অর্থায়ন অব্যাহত রাখা হবে বলে আমার বিশ্বাস। কারণ, বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট আমাকে নিশ্চিত করেছেন যে, বিভিন্ন প্রকল্পে বাংলাদেশের যে অবস্থান তা খুবই সন্তোষজনক।”
১৪ এপ্রিল বিকেলে বাংলাদেশ মিশনের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুহিত। এতে স্বাগত বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন।
অনুষ্ঠানে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল আমিরা হক ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদও ছিলেন।
বাংলাদেশ মিশনের কালচারাল মিনিস্টার নাট্যকার অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবশেন করেন প্রবাসী শিল্পী শাহ মাহবুব।
নিউ ইয়র্ক সিটির বিভিন্ন স্থানে বাংলা বর্ষবরণের আরো কয়েকটি অনুষ্ঠান হয়েছে।
