২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিযোগাযোগ শিল্পে বিনিয়োগে ‘ঝুঁকি’ দেখছে টেলিনর

নিয়ন্ত্রণ ও বিনিয়োগ নীতিমালায় ‘নির্ভরযোগ্যতা’ না পেলে  বাংলাদেশে টেলিযোগাযোগ শিল্পে ভবিষ্যৎ বিনিয়োগে ঝুঁকি দেখছে গ্রামীণফোনের সিংহভাগ শেয়ারের মালিক টেলিনর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 12:28 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

Image
৯০ শতাংশ অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা গ্রামীণফোনের

৯০ শতাংশ অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা গ্রামীণফোনের

নরওয়ে ভিত্তিক প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও জন ফ্রেডরিক বাকসাস রোববার প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই ঝুঁকির কথা তুলে ধরেন।

সোমবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নরওয়ের শিল্প ও বাণিজ্যমন্ত্রী ট্রন্ড জিসকে ও ফ্রেডরিক বাকসাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থ, পররাষ্ট্র, বাণিজ্য, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছাড়াও নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে টেলিযোগাযোগ শিল্প নিয়ে টেলিনরের অবস্থান তুলে ধরেন।

বাংলাদেশের টেলিযোগাযোগ শিল্প নিয়ে বাকসাস তার আশা ও রূপকল্পের কথা জানানোর পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য নির্ভরযোগ্য ও স্থিতিশীল নিয়ন্ত্রণ কাঠামোর প্রয়োজনীয়তা নিয়ে টেলিনর গ্রুপের উদ্বেগের কথা জানান।

বাকসাস বলেন, “বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে পরবর্তী বড় চ্যালেঞ্জ হচ্ছে সব বাংলাদেশীর কাছে সুলভে সেবা পৌঁছে দেয়া। কিন্তু এই লক্ষ্য অর্জনে বিনিয়োগ করতে আমাদের প্রয়োজন স্থিতিশীল নিয়ন্ত্রণ ও বিনিয়োগ নীতিমালা।”

“সরকারকে বুঝতে হবে যে এই শিল্প নির্ভরযোগ্যতা না পেলে আমাদের ভবিষ্যত বিনিয়োগ ঝুঁকির মুখে পড়বে”, বলেন বাকসাস।

শেখ হাসিনার সঙ্গে বৈঠকে টেলিনর সিইও বাংলাদেশের টেলিযোগাযোগ শিল্পের ভবিষ্যত ভূমিকা এবং বর্তমানে টেলিযোগাযোগ সেবা সুবিধাবিহীন প্রায় ৫ কোটিরও বেশি মানুষকে সংযুক্ত করতে নির্ভরযোগ্য ও বিনিয়োগবান্ধব নিয়ন্ত্রণ কাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এছাড়া ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অত্যাধুনিক থ্রিজি নেটওয়ার্ক স্থাপন বিষয়েও তার মতামত প্রধানমন্ত্রীকে জানান।

বিশ্বের অন্যতম মোবাইল অপারেটর টেলিনর গ্রুপের ১১টি দেশে প্রায় ১৫ কোটি গ্রাহক রয়েছে।