জুনে চালু হচ্ছে পানগাঁও আইসিটি
দেশের অভ্যন্তরে নৌপথে পণ্যবাহী কন্টেইনার পরিবহন আগামী জুনে শুরু হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দীন আহমেদ।
রোববার জাতীয় সংসদে ভবনে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪০তম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, কেরানীগঞ্জের পানগাঁওয়ে অভ্যন্তরীণ কন্টেইনার নৌ-টার্মিনালের (আইসিটি) সব অবকাঠামো প্রস্তুত হয়ে গেছে। আশা করা যায় আগামী জুন মাসে এটি চালু করা যাবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিএ) জায়গায় নৌ-পথ ভিত্তিক দেশের একমাত্র কন্টেইনার টামির্নাল নির্মাণে ১৭৫ কোটি টাকার কিছু বেশি খরচ হয়েছে বলে জানান তিনি।
বাণিজ্যের প্রসার এবং চট্টগ্রাম বন্দরের গতিশীলতা বাড়াতে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁওয়ে বুড়িগঙ্গার তীরে এই নৌ-টার্মিনাল নির্মাণ করা হয়েছে। ৮৮ একর জমির ওপর আধুনিক সুবিধাসহ এই কনটেইনার টার্মিনালটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বিআইডব্লিউটিএ যৌথভাবে নির্মাণ করেছে।
টার্মিনালটি পরিচালনা করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
সংসদীয় কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী বলেন, “বর্তমানে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাসের পর ঢাকায় পৌঁছাতে কখনও কখনও এক মাস সময় লেগে যায়। টার্মিনাল চালু হলে তিন দিনের মধ্যে ঢাকায় পণ্য আনা সম্ভব হবে।”
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে মংলা সমুদ্র বন্দর ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় করা এবং এ সমুদ্র বন্দরের পাশে একটি মেরিন একাডেমি স্থাপনের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ নূর-ই-আলম চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য নৌ-পরিবহন মন্ত্রী মো. শাজাহান খান, মনোরঞ্জন শীল গোপাল, গোলাম কিবরিয়া টিপু, হাবিবুন নাহার, সামশুল হক চৌধুরী, নসরুল হামিদ এবং মো. নজরুল ইসলাম বাবু বৈঠকে অংশ নেন।
