৪০ বছরের মধ্যে জাপান থেকে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ ছাড়
জাপান থেকে ২০১২ সালের এপ্রিল থেকে এ বছরের মার্চ পর্যন্ত বিভিন্ন প্রকল্পে বাংলাদেশে প্রায় ৪০ কোটি ডলার এসেছে। এটি দেশে ৪০ বছরের মধ্যে এক অর্থবছরে জাপানের দ্বিতীয় সর্বোচ্চ অর্থ ছাড়।
জাপানের অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্স (ওডিএ)-এর অধীনে বাংলাদেশ সপ্তম বৃহত্তম ঋণ গ্রহিতা।
১৯৭৪ সালে প্রতিষ্ঠিত জাইকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে সংস্থাটির গত ৪০ বছরের কার্যক্রমে এক অর্থবছরে এটি দ্বিতীয় সর্বোচ্চ ঋণ সহায়তা।
এর আগে ১৯৮৬ অর্থবছরে বাংলাদেশকে ৪৫ কোটি ডলারের ঋণ দিয়েছিল জাপান।
২০১২ সালের এপ্রিল থেকে ২০১৩ সালের মার্চ পর্যন্ত জাপানের অর্থবছরে বাংলাদেশকে ৪০ কোটি ডলারের ঋণ সহায়তাকে ‘যুগান্তকারী’ আখ্যা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের সরকার, উপদেষ্টা ও এজেন্ট ব্যাংকগুলোর যৌথ উদ্যোগের ফলেই এটা সম্ভব হয়েছে।
জাইকা এ বছর বাংলাদেশকে ইতিহাসের সর্বোচ্চ ১৪০ কোটি ডলারের এডিএ ঋণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
