২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সহিংস হরতাল আইন করে বন্ধ করা দরকার’

রাজনৈতিক দলগুলোর সহিংস হরতাল আইন করে বন্ধ করা দরকার বলে মনে করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 05:56 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

তিনি বলেন, “আমার বয়স হয়েছে। পাকিস্তান আমল থেকে হরতাল দেখে আসছি। কিন্তু এরকম সহিংস হরতাল আর দেখিনি। এই হরতালে এক মিনিটের জন্যও কেউ নিরাপদ নয়।”

দেশের বিরাজমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে কাজী আকরাম এসব কথা বলেন।

রাজধানির মতিঝিলে এফবিসিসিআই সম্মেলন কক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে এফবিসিসিআই নেতারা ছাড়াও সংগঠনটির সাবেক সভাপতি এ কে আজাদ, ঢাকা চেম্বারের সভাপতি সবুর খান, বায়রার সভাপতি শাহজালাল মজুমদার, বিজিএমইএর সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, বিকেএমইএর সহ-সভাপতি মোঃ হাতেম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের আগে এফবিসিসিআইর বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এতে হরতাল বিষয়ে সব সদস্য সংস্থার(চেম্বার ও এসোসিয়েশন) প্রধানদের সঙ্গে আলোচনা করে কর্মসূচী নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে বলে জানান এফবিসিসিআই সভাপতি।

দেশের ২৯৩টি ব্যবসায়ী সমিতি ও ৭২টি চেম্বার সংগঠনটির সদস্য।

কাজী আকরাম বিরোধী দলকে হরতাল না দিয়ে সংসদে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা সংসদে যান, দরকার হলে একদিনে পাঁচবার ওয়াক আউট করুন। মানুষ দেখবে সরকার আপনাদের দাবি মানছে না বলে আপনারা ওয়াক আউট করছেন।”

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান দুই দলের মধ্যে সংলাপের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, “আমরা যেকোন পর‌্যায়ে সংলাপ চাই। আমরা দুই পক্ষের উপরই চাপ সৃষ্টি করার চেষ্টা করছি মাত্র। এর বাইরে আমাদের তেমন কিছু করার নেই।”

লিখিত বক্তব্যে এফবিসিসিআই সভাপতি আরো বলেন, হরতাল কার‌্যত প্রাণঘাতী কর্মসূচিতে পরিনত হয়েছে। সাম্প্রতিককালে হরতালের সময় ব্যাপক সহিংসতা ব্যবসায়ীসহ সব মহলকে আতংকিত করে তুলছে। চলমান রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগ সম্ভাবনা এবং দেশের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে আমরা মনে করছি।

এসময় তিনি সাম্প্রতিক হরতালের ক্ষয়ক্ষতির একটি চিত্রও তুলে ধরেন। একইসঙ্গে বেসরকারি খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে কি ভূমিকা রাখছে তাও উল্লেখ করেন।

এফবিসিসিআই সভাপতি উল্লেখ করেন যে, গত কয়েকদিনে হরতালে পুলিশসহ প্রায় ১০০ জন নিহত হয়েছেন। ৭০০ গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এবারের হরতালে ট্রেনও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। রেল লাইনের ফিশপ্লেট, স্লিপার তুলে নিয়ে নাশকতার চেষ্টা করা হয়েছে। গত কয়েকদিনের হরতালে ৩৮টি স্থানে ট্রেনে হামলা করা হয়। এতে রেল কর্তৃপক্ষের প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। সব মিলিয়ে এক দিনের হরতালে প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে থাকে।যার মধ্যে শুধু তৈরি পোশাক খাতে প্রাতিদিন প্রায় ৩৬০ কোটি টাকার ক্ষতি হয়। একদিনের হরতাল-অবরোধে দেশের অর্থনীতিতে ক্ষতি হচ্ছে জিডিপির প্রায় শুন্য দশমিক ১২ শতাংশ।

বেসরকারি খাতকে সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস হিসেবে বর্ণনা করে তিরি জানান, মোট রাজস্বের সিংহভাগ আসছে বেসরকারি খাত থেকে। মোট বিনিয়োগের ৮০ শতাংশ আসছে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে। এসব বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হলে ভবিষ্যতে বিনিয়োগ কমে যাবে বলে তিনি আশংকা প্রকাশ করেন।

লিখিত বক্তব্যে আরো বলা হয়, “এ অবস্থায় ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে হরতালের সময়ে ব্যাংক সুদ মওকুফ করার জন্য সরকারের নির্দেশনা কামনা করছি। একইসঙ্গে আর্থসামাজিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের গতিশীলতা অব্যাহত রাখার স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সমঝোতা ও সমাধানের পথ বের করা হোক এটাই ব্যবসায়ী সমাজ কামনা করে।”