২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার চালু হচ্ছে ২ বছর মেয়াদি ট্রেজারি বন্ড

ব্যাংকগুলোর কাছ থেকে বিনিয়োগ উৎসাহিত করতে আবারো দুবছর মেয়াদি ট্রেজারি বন্ড চালু করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 04:06 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

এই বন্ডের মাধ্যমে চলতি অর্থবছরের বাকি সময়ে ব্যাংক ব্যবস্থা থেকে ৭০০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

অর্থসচিবের নেতৃত্বাধীন ‘ক্যাশ ও ডেট ম্যনেজমেন্ট’ কমিটির প্রস্তাবের প্রেক্ষিতে গত সপ্তাহে এই বন্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়।

এখন বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বন্ডের অকশনের তালিকায় নতুন এই বন্ডের অকশন সূচি যোগ করলেই চালুর প্রক্রিয়া শুরু হবে।

দুই বছরমেয়াদি ট্রেজারি বিল আগে চালু ছিল। গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তা বন্ধ করে দেওয়া হয়।

এবিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ড চালুর বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই এই বন্ড অকশন শিডিউলে যুক্ত করা হবে।”

সাধারণত বাজেট ঘাটতি মেটাতে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিয়ে থাকে। ট্রেজারি বন্ড ও বিল বিক্রির মাধ্যমে এই ঋণ নেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের কর্মকর্তারা জানান, বর্তমানে ৫, ১০, ১৫ ও ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড চালু রয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংক বিলসহ সরকারের বেশ কিছু ট্রেজারি বিলও চালু রয়েছে।

দেশের প্রাইমারি ডিলার (পিডি) ব্যাংকগুলোর পাশাপাশি নন-পিডি ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও এসব বন্ডের ক্রেতা। এসব বন্ড ও বিলের বিপরীতে সুদহার কলমানি সুদের হারের চেয়ে বেশি।

তারপরও দীর্ঘমেয়াদি হওয়ায় এগুলোতে বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে না ব্যাংকগুলো। কারণ বেশির ভাগ ব্যাংকের আমানত স্বল্পমেয়াদি হওয়ায় দীর্ঘমেয়াদি বন্ডে বিনিয়োগ করা হলে তারল্য ব্যবস্থাপনায় সংকট তৈরি হয়।

এরপরও পিডি ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদি বন্ডে বিনিয়োগ করে।

সরকারি এসব বন্ড পুঁজিবাজারেও তালিকাভূক্ত থাকলেও সেখানে এগুলোর কেনা-বেচা নেই বললেই চলে।

সংশ্লিষ্ট বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “দু্বছর মেয়াদি ট্রেজারি বন্ড চালু ছাড়াও দীর্ঘমেয়াদি বন্ড রি-ইস্যু করার একটি প্রস্তাবও অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।”

চলতি অর্থবছরের বাজেট ঘাটতি মেটাতে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ২৩ হাজার কোটি ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। ফেব্রুয়ারি পর‌্যন্ত ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ৭২০০ কোটি টাকা।

বর্তমানে পাঁচ বছরমেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার ১১ দশমিক ৮২ শতাংশ, ১০ বছরমেয়াদি বন্ডের ১২ দশমিক ১০ শতাংশ, ১৫ বছরমেয়াদি বন্ডের ১২ দশমিক ৩৮ শতাংশ এবং ২০ বছরমেয়াদি বন্ডের ১২ দশমিক ৪৮ শতাংশ।

এছাড়া ৯০ দিনমেয়াদি ট্রেজারি বিলের সুদ হার ৯ শতাংশ, ১৮২ দিন মেয়াদি বিলের ১০ দশমিক ৭৫ শতাংশ এবং ৩৬৪ দিন মেয়াদি বিলের সুদ হার ১১ দশমিক ৩০ শতাংশ।