২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আশার ছলনে ভুলি’

আবদুর রহিম হারমাছি

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 06:38 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

পদ্মা সেতু নির্মাণের অর্থায়নে বিশ্ব ব্যাংককে বিদায় দেয়ার পরও বহুজাতিক ঋণদাতা সংস্থাটিসহ অন্য তিন দাতা ভবিষ্যতে এ প্রকল্পে অর্থায়ন করতে রাজি হবে- সেই আশা এখনো ছাড়েননি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থায়ন নিয়ে দেড় বছর ধরে সরকারের সঙ্গে সংস্থাটির টানাপড়েনের সময়ও আশাবাদী ছিলেন তিনি।

মুহিত সোমবার সংসদে বিবৃতিতে নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের কথা বললেও বিশ্ব ব্যাংকসহ অন্যদের ফেরার আশাও প্রকাশ করেন।

“বাংলাদেশের অর্থনীতির জন্য পদ্মা সেতু একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এবং দক্ষিণ বাংলার অর্থনৈতিক জীবনে এই সেতুর প্রভাব হবে সুদূরপ্রসারি। প্রকল্পটির এই গুরুত্বটি আমাদের সব উন্নয়ন সহযোগী মেনে নিয়েছেন।”

“এই প্রকল্পটিতে ইতিমধ্যে চীন, মালয়েশিয়া এবং পরোক্ষভাবে ভারত তাদের আগ্রহ দেখিয়েছেন। আমরা মনে করি যে, বর্তমানে অর্থায়নকারী উন্নয়ন সহযোগীরা প্রকল্পটি অর্থায়নে ভবিষ্যতে রাজি হতে পারেন।”

Image
সংসদে অর্থমন্ত্রী

সংসদে অর্থমন্ত্রী

মুহিত বলেন, “৩১ জানুয়ারি আমি বিশ্বব্যাংকের সভাপতি এবং অন্য তিনটি প্রতিষ্ঠানের কর্ণধারকে চিঠি লিখে জানিয়ে দিই যে, পদ্মা সেতুর জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়ন আমরা চাই না। কারণ প্রকল্প  বাস্তবায়নে তাদের যে সময়সূচি তার সঙ্গে আমাদের সময়সূচির মিল নেই।

“আমরা প্রকল্পটির বাস্তবায়ন এখনই শুরু করতে চাই। তাই বিকল্প অর্থায়নের ব্যবস্থা করে বাস্তবায়নের পদক্ষেপ আমরা এখনই নেবো। একইসঙ্গে অন্যান্য উন্নয়ন সহযোগীদের আমি এ বিষয়ে অবহিত করি এবং তাদের কাছে আবেদন করি যে তারা যেন এই প্রকল্পে অর্থ সহায়তা বহাল রাখেন।” “

“আমাদের লক্ষ্য হচ্ছে যে, আমাদের উন্নয়ন সহযোগী যারা সব সময় আমাদের সমর্থন দিয়েছেন তারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের বর্তমান উদ্যোগকে সাহায্য করে চলবেন। সেই জন্য জাপান, এশীয় উন্নয়ন ব্যাংক এবং আইডিবি’র সঙ্গে সেতু বাস্তবায়নের কার্যক্রম নিয়ে আমাদের আলোচনা অব্যাহত রয়েছে।

“বিশ্বব্যাংক এই মুহর্তে বাংলাদেশে পদ্মা সেতু ছাড়াও আরও বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করছে এবং নতুন নতুন প্রকল্পে ঋণ দিচ্ছে। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অর্ধশতাব্দীরও বেশি পুরনো এবং তাদের সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। তাদের সঙ্গেও আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে।”

২০১১ সালের সেপ্টেম্বরে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে তাদের ১২০ কোটি ডলারের অর্থায়ন স্থগিত করে। অনেক টানাপোড়েনের পর ২০১২ সালের জুন মাসে বিশ্ব ব্যাংক পদ্মা প্রকল্পে অর্থায়নের সিদ্ধান্ত বাতিল ঘোষণা করে।

সে সময় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী প্রয়োজনে নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণের ঘোষণা দেন। তার মধ্যেও বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত পুর্নিবেচনার অনুরোধ জানানো হয়।

শেষ পর্যন্ত গত বছরের সেপ্টেম্বর মাসে বিশ্ব ব্যাংক বেশ কিছু শর্তে এ প্রকল্পে ফিরে আসে।

এ সময়ে অর্থমন্ত্রী বার বার বলে এসেছেন, বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ফিরে আসবে। বলা যায়, অর্থমন্ত্রীর তৎপরতাতেই বিশ্ব ব্যাংক এ প্রকল্পে ফিরে এসেছিল।

এ অবস্থায় ৩১ জানুয়ারি অর্থমন্ত্রী নিজে চিঠি লিখে বিশ্ব ব্যাংকের অর্থায়নের প্রয়োজন নেই বললেও জাতীয় সংসদে দেয়া বক্তৃতায় তিনি বিশ্ব ব্যাংকের পুনরায় ফিরে আসার প্রত্যাশা করেছেন।

পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের কাছ থেকে অর্থায়নের অনুরোধ প্রত্যাহারের পর চুক্তির বাধ্যবাধকতার কারণে এডিবি ও জাইকা এ প্রকল্প থেকে সরে গেছে।

মুহিত বলেন, “আমাদের আশা ছিল যে, বিশ্ব ব্যাংকের পরামর্শক দল দুদকের তদন্ত প্রক্রিয়া সম্বন্ধে সন্তুষ্ট হয়েই তাদের প্রতিবেদন প্রদান করবেন। কিন্তু জানতে পারলাম যে, এই প্রতিবেদন জানুয়ারি মাসে দেয়ার সম্ভাবনা খুব কম।

“এই প্রেক্ষিতে আমাদের মনে হল যে, বিশ্বব্যাংকের প্রকল্প বাস্তবায়নের সময়সূচি এবং আমাদের সময়সূচির মধ্যে ব্যবধান খুব বেশি। আমাদের মনে হয় যে, আমাদের সময়সূচি পালন করতে হলে আমাদের বিশ্বব্যাংকের সহায়তাকে বিসর্জন দিতে হবে।”

“আমরা জানতাম যে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি বাতিল করলে অন্যান্য যারা যৌথ অর্থায়ন চুক্তির মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করছেন তাদের সঙ্গেও চুক্তি বাতিল হয়ে যাবে। তবে তাদের কাছ থেকে অন্যভাবে সহায়তা পাবার লক্ষ্যে তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখি।”

Image
পদ্মা সেতু মালয়শিয়ার ‘চূড়ান্ত প্রস্তাব’ ৩ সপ্তাহের মধ্যে

পদ্মা সেতু মালয়শিয়ার ‘চূড়ান্ত প্রস্তাব’ ৩ সপ্তাহের মধ্যে

২৯০ কোটি ডলারের এ প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেয়ার কথা ছিল। এছাড়া এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি ও আইডিবি ১৪ কোটি ডলার দেয়ার জন্য চুক্তি করে সরকারের সঙ্গে।

কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনের দুই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠার পর ২০১১ সালের সেপ্টেম্বরে চুক্তি স্থগিত করে বিশ্ব ব্যাংক।

দুদক এরপর তদন্ত শুরু করলেও সরকারের সঙ্গে মতভেদ না কাটায় গত বছরের জুন মাসে বিশ্ব ব্যাংক ঋণচুক্তি বাতিল করে। এরপর সরকারের নানামুখী তৎপরতায় তারা সিদ্ধান্ত বদলায়।

তাদের দেয়া শর্ত অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রসিকিউটর লুইস গাব্রিয়েল মোরেনো ওকাম্পোর নেতৃত্বে তিন সদস্যের একটি প্যানেল দুদকের তদন্ত পর্যবেক্ষণে দুই দফা ঢাকা সফর করে।

দুর্নীতির অভিযোগ পাওয়ার পর অনুসন্ধান পর্যায়ে সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান, সাবেক সেতু সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়াসহ ২৯ জনকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন।

তবে গত বছর ১৭ ডিসেম্বর ‘ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের’ অভিযোগে দুদক সাত জনের বিরুদ্ধে যে মামলা করে তাতে আবুল হোসেন ও আবুল হাসানের নাম বাদ দেয়া হয়।

এরপর বিশ্ব ব্যাংক প্যানেল চলতি মাসে দুদকের তদন্ত নিয়ে একটি চিঠি পাঠায়, যাতে পর্যবেক্ষকরা তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলে গণমাধ্যমের খবরে বলা হয়।  বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, শর্ত পূরণ না হলে তারা পদ্মার অর্থ ছাড় করবে না।

পুরনো খবর:

বিশ্ব ব্যাংকের সভাপতির কাছে অর্থমন্ত্রীর চিঠি