গোল্ডস্টাইন নতুন ঠিকানায়
বিশ্ব ব্যাংকের বাংলাদেশ মিশনে দায়িত্ব শেষ করে পরবর্তী কর্মস্থল ভিয়েনায় পাড়ি জমিয়েছেন এলেন গোল্ডস্টাইন।
অনেকটা নিভৃতেই বুধবার রাতে ঢাকা ছাড়েন তিনি, পদ্মা সেতু নিয়ে সরকারের সঙ্গে টানাপড়েনে বেশ জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাকে।
রেওয়াজ অনুযায়ী বিদায়ের আগে বিশ্ব ব্যাংকের মতো সংস্থাগুলোর আবাসিক প্রতিনধি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন।
কিন্তু শেখ হাসিনা কিংবা আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে কোনো বৈঠক হয়নি তার।
সরকারি সূত্র জানায়, বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি সাক্ষাৎ চেয়েও পাননি এবং কারণ ওই পদ্মা প্রকল্প নিয়ে জটিলতা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়নের বিষয়টি দীর্ঘদিন ঝুলে থাকায় গোল্ডস্টাইনের ওপর নাখোশ ছিলেন প্রধানমন্ত্রী। সে কারণে প্রধানমন্ত্রী তাকে সময় দেননি।
প্রধানমন্ত্রী সাক্ষাৎ না দেয়ায় অর্থমন্ত্রীও গোল্ডস্টাইনকে সময় দেননি বলে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ওয়াশিংটনভিত্তিক বিশ্ব ব্যাংক ঢাকা কার্যালয়ের কমিউনিকেশনস অফিসার মেহেরিন এ মাহবুব বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে গোল্ডস্টাইন ঢাকা ছেড়েছেন। ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি হিসেবে সালমান জহির আগামী ৩ ফেব্রুয়ারি যোগ দেবেন।”
গোল্ডস্টেইন ভিয়েনায় বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানান মেহেরিন।
২০০৯ সালের নভেম্বরে ঢাকায় মিশন প্রধানের দায়িত্ব নিয়ে আসেন গোল্ডস্টাইন। এই তিন বছর সময়ের প্রায় পুরোটাই পদ্মার ‘ঝড়’ চলেছে।
বিদায়ের আগে গত ১৯ জানুয়ারি ঢাকায় এক অনুষ্ঠানে গোল্ডস্টাইন বলেন, পদ্মা সেতু প্রকল্পে তার নাম ‘স্মরণীয়’ হয়ে থাকবে।
বহু প্রতীক্ষিত পদ্মা সেতুর কাজ শুরু না হওয়ায় বাংলাদেশের জনগণের মধ্যে অসন্তোষ রয়েছে স্বীকার করে তিনি ওই অনুষ্ঠানে বলেছিলেন, “জনগণের অর্থের স্বচ্ছ ব্যবহার নিশ্চিতই বিশ্ব ব্যাংকের উদ্দেশ্য।”
গত ডিসেম্বরে দুদকে বিশ্ব ব্যাংক প্যানেলের সদস্যরা
সরকারের নানামুখী তৎপরতায় বিশ্ব ব্যাংক প্রকল্পে ফিরলেও দুর্নীতি দমন কমিশনের তদন্তের ফলাফল পর্যবেক্ষণ করে অর্থ দেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। তবে এখনো তা জানায়নি।
ওই অনুষ্ঠানে গোল্ডস্টাইন আরো বলেন, “পদ্মা সেতু প্রকল্পে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আমি চেয়েছিলাম, জনগণের অর্থ ব্যবহারে যেন স্বচ্ছতা থাকে।”
তিন বছরের কিছু বেশি সময় দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকারের বিভিন্ন তরফ থেকে বিশ্ব ব্যাংকের সমালোচনা শুনতে হয়েছিল গোল্ডস্টাইনকে।
গোল্ডস্টাইনের দায়িত্ব আপাতত পালন করতে আসা সালমান ভারতীয় নাগরিক নাগরিক, তিনি সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের কর্মসূচি পরিচালকের দায়িত্ব পালন করছেন।
ঢাকায় এই বছরই নতুন আবাসিক প্রতিনিধি নিয়োগ দেবে বিশ্ব ব্যাংক। তা না দেয়া পর্যন্ত সালমানই ওই দায়িত্ব পালন করবেন।
সালমান দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাষ্ট্র থেকে ব্যবসায় প্রসাশন ও অর্থনীতি/আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন।
