এখনি বাড়ছে না বিদ্যুতের দাম
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর আপাতত বিদ্যুতের দাম না বাড়ানোর পক্ষে সরকার।
বিতরণকারী সংস্থাগুলোর দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে বিইআরসি বুধবার প্রধানমন্ত্রীর কাছে গেলে দাম না বাড়ানোর পরামর্শ দেয়া হয়।
এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) উচ্চ পদস্থ এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “সরকারের পক্ষ থেকে আমাদের (বিআরসি) আপাতত বিদ্যুতের দাম না বাড়ানোর পরামর্শ দেয়া হয়েছে। বলা হয়েছে, প্রয়োজনে বিতরণ কোম্পানিগুলোকে আরো ভর্তুকি দেয়া হবে; কিন্তু এই মুহূর্তে বিদ্যুতের দাম যেন না বাড়ানো হয়।”
চলতি মাসের শুরুতেই জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাস ভাড়া বাড়ার পাশাপাশি বাজারের পণ্যমূল্যেও তার প্রভাব পড়েছে, এতে জনমনে অসন্তোষ রয়েছে।
আর তাই এই মুহূর্তে বিদ্যুতের দাম বাড়াতে প্রধানমন্ত্রী রাজি নন বলে বিইআরসির ওই কর্মকর্তা জানান।
গণভবনে বুধবার সন্ধ্যায় বিইআরসি কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক খানও ছিলেন।
জ্বালানি ও বিদ্যুতের দামের বিষয়ে বিইআরসি সিদ্ধান্ত নিয়ে থাকে। সিদ্ধান্ত গ্রহণের আগে শুনানিসহ বিভিন্ন ধাপ সম্পন্ন করে তারা।
বিদ্যুতের দাম না বাড়াতে সরকারের পরামর্শের বিষয়ে জানতে চাইলে বিইআরসি চেয়ারম্যান ইমদাদুল হক সরাসরি কিছু বলেননি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিদ্যুতের দাম বাড়ানোর সঙ্গে অনেক কিছু সম্পর্কিত। এর দাম বাড়লে অন্য অনেক কিছুর দাম বাড়ে। তাই এখানে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেয়ার সুযোগ নেই।”
আপাতত তাহলে দাম বাড়াচ্ছেন না- জানতে চাইলে তিনি বলেন, “বিতরণ কোম্পানিগুলো যে দাবি আমাদের দিয়েছে, তাদের সঙ্গে আমাদের বোঝাপড়া বাকি রয়েছে।
“অনেকে ভাবছে- বৃহস্পতিবারই দাম বাড়তে পারে। তবে সেরকম কিছু হচ্ছে না।”
বিদ্যুৎ বিতরণকারী পাঁচ কোম্পানি সম্প্রতি দাম বাড়াতে বিইআরসির কাছে প্রস্তাব দেয়।
প্রস্তাবের ওপর তিনদিনের গণশুনানি শেষে বিইআরসির সদস্য সেলিম মাহমুদ ৩১ ডিসেম্বর সাংবাদিকদের বলেন, “আগামী মাসের প্রথম সপ্তাহেই আমাদের সিদ্ধান্ত জানাব।”
গণশুনানিতে উপস্থিত ভোক্তা, শিল্পপতি ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিদ্যুতের দাম বাড়ানোর বিরোধিতা করেন।
শুনানিতে ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানির (ডেসকো) মূল্যহার ৩ দশমিক ৩০ শতাংশ এবং ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) মূল্যহার ৩ দশমিক ৬৫ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মূল্যহার ৪ দশমিক ৮৪ শতাংশ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) মূল্যহার ৪ দশমিক ১৫ শতাংশ বাড়ানোর সুপারিশ করে মূল্যায়ন কমিটি।
ডেসকো গ্রাহক পর্যায়ে গড়ে ১১ দশমিক ৬৯ শতাংশ এবং ডিপিডিসি ১১ দশমিক ৩১ শতাংশ মূল্যবৃদ্ধির প্রস্তাব দিয়েছিল। আর পিডিবি ১২ শতাংশ পর্যন্ত এবং ওজোপাডিকো ৯ দশমিক ৫৯ শতাংশ মূল্যবৃদ্ধির প্রস্তাব করে।
গত ২৭ ডিসেম্বর পল্লী বিদ্যুতায়ন বোর্ড (পবিবো) গ্রাহক পর্যায়ে গড়ে ৯ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব করলেও গণশুনানির পর মূল্যায়ন কমিটি দাম না বাড়ানোর পক্ষে মত দেয়।
সর্বশেষ গত ১ সেপ্টেম্বর থেকে বিদ্যুতের দাম খুচরা পর্যায়ে প্রায় ১৫ শতাংশ এবং পাইকারিতে ১৭ শতাংশ বাড়ানো হয়। এরপর পাঁচটি বিদ্যুত বিতরণকারী সংস্থা আবারো দাম বাড়ানোর প্রস্তাব পাঠায় বিইআরসিতে।
ওই প্রস্তাবের ওপর শুনানিতে কারিগরি মূল্যায়ন কমিটির আহ্বায়ক ও কমিশনের পরিচালক (বিদ্যুৎ) আবুল কাশেম চারটি কোম্পানির বিদ্যুতের খুচরা মূল্য বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে মত দেন।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুতের দাম সাত বার বাড়ানো হয়েছে। এরপরও বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি কমানোর জন্য তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর জন্য সরকারের ওপর চাপ দিয়ে আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
গত সেপ্টেম্বর বিদ্যুতের দাম বৃদ্ধির সংবাদ সম্মেলনে বিইআরসির তখনকার চেয়ারম্যান ইউসুফ হোসেন জানান, দাম বৃদ্ধির পরও চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতে ৩ হাজার ৮৫০ কোটি টাকা ভর্তুকি লাগবে।
