২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিডিপি প্রবৃদ্ধি ৬.৪ শতাংশের মধ্যে: সিপিডি

চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ছয় দশমিক তিন থেকে ছয় দশমিক চার শতাংশের মধ্যে থাকবে বলে ধারণা করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2013, 03:26 PM

Updated : 25 Apr 2022, 06:14 PM

চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ছয় দশমিক তিন থেকে ছয় দশমিক চার শতাংশের মধ্যে থাকবে বলে ধারণা করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

সংস্থাটির মতে, সরকার নির্ধারিত প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে যে পরিমাণ মূলধনী যন্ত্রপাতির প্রয়োজন, ২০১২-১৩ অর্থবছরে আমদানি হয়েছে তার চেয়ে অনেক কম। এদিকে বেসরকারি খাতে বিনিয়োগও উল্লেখযোগ্য হারে কমেছে।

তাই বাজেটে নির্ধারিত সাত দশমিক দুই শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে সংস্থাটি মনে করে।

চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসের (জুলাই-নভেম্বর) সামষ্টিক অর্থনীতি নিয়ে এই পর্যবেক্ষণ তুলে ধরেছে সিপিডি।

শনিবার ধানমণ্ডিতে সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পর্যালোচনা প্রতিবেদনের প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। এ সময় তার পাশে ছিলেন সংস্থাটির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

মোস্তাফিজুর রহমান বলেন, “ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য অর্জিত হবে না। কারণ সেখানে ২০১৩ সালের জন্য জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছিল সাত দশমিক নয় শতাংশ। কিন্তু এই প্রবৃদ্ধি অর্জন কোনোভাবেই সম্ভব না।

“কয়েক মাসের অর্থনীতির বিভিন্ন সঙ্কেত থেকে এটা স্পষ্ট যে, সামনের দিনগুলোতে সরকারের নীতিনির্ধারকদের আরো চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।”

আপাতদৃষ্টিতে দেশের অর্থনীতি কিছুটা স্থিতিশীল মনে হলেও এতে বেশকিছু ঝুঁকি রয়েছে বলে মনে করেন দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি বলেন, “বড় ধাক্কা আসতে পারে অর্থনৈতিক ব্যবস্থাপনার দিক থেকে, বৈদেশিকভাবেও সমস্যা তৈরি হতে পারে। আবার অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতাও দেখা দিতে পারে।”

বেসরকারি খাতে বিনিয়োগ ১৯ দশমিক পাঁচ শতাংশ থেকে ১৯ দশমিক এক শতাংশে নেমে এসেছে উল্লেখ করে দেবপ্রিয় বলেন, “প্রাক্কলিত প্রবৃদ্ধি অর্জনের জন্য ব্যক্তিখাতের বিনিয়োগ পাওয়া যাচ্ছে না।”

রাজস্ব আদায় কম হবে

গত পাঁচ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার মধ্যেই রাজস্ব বোর্ডকে আরো আট হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য দেয়ায় আগামী সাত মাসে পুরো বছরের লক্ষ্যমাত্রা পূরণ করা কষ্টসাধ্য হবে বলে মনে করেন মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, চার বছর ধরেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় করছে। কিন্তু চলতি অর্থবছরের পাঁচ মাসে ১৮ দশমিক নয় শতাংশ লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক এক শতাংশ।

“এনবিআরকে যদি লক্ষ্য অর্জন করতে হয় তাহলে বাকি সাত মাসে ২০ থেকে ২২ শতাংশ হারে প্রবৃদ্ধি করতে হবে।”

অন্যদিকে, রাজস্ব ব্যয়ও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হচ্ছে। পাঁচ মাসে ১৩ শতাংশ লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব ব্যয় হয়েছে ১৮ দশমিক ৪ শতাংশ হারে, যার বড় অংশই (১০ দশমিক ৪ শতাংশ) চলে গেছে ঋণের সুদ পরিশোধে।

সরকারের ব্যাংকঋণ বাড়ার আশঙ্কা


সিপিডির প্রতিবেদনে বলা হয়, সরকারি হিসাবে এ অর্থবছরে রাজস্ব ঘাটতি হবে ৪৬ হাজার ২৪ কোটি টাকা।

বিদেশি উৎস থেকে ঋণ হিসেবে ১২ হাজার ৫৪০ কোটি টাকা, জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে সাত হাজার ৪০০ কোটি টাকা, ব্যাংক ঋণ ২৩ হাজার কোটি টাকা ও অন্যান্য খাত থেকে তিন হাজার ৮৪ কোটি টাকা নিয়ে এই ঘাটতি মেটানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

তবে সিপিডির পর্যবেক্ষণ হচ্ছে, বাস্তবে সরকার বিদেশি ঋণ পাবে ছয় হাজার ৯৫০ কোটি, সঞ্চয়পত্র থেকে আসবে দুই হাজার কোটি এবং অন্যান্য উৎস থেকে পাওয়া অর্থসহ ব্যাংক খাত থেকে ঋণের পরিমাণ দাড়াবে ৩৩ হাজার ৫৪ কোটি টাকা।

ব্যাংক ঋণ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান বলেন, এত বিশাল পরিমাণ ঋণ যদি সরকার ব্যাংক থেকে নেয় তাহলে ব্যক্তিখাতের বিনিয়োগ আরো কমে যেতে পারে।

“সরকার যদি প্রাক্কলিত সীমার চেয়ে ব্যাংক থেকে বেশি ঋণ নেয় তাহলে কেন্দ্রীয় ব্যাংক কী ভূমিকা নেবে সেটাও গুরুত্বপূর্ণ।”

আর্থিক খাতের দুর্বলতা

নির্বাহী পরিচালক বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হলে আর্থিক খাতের ব্যবস্থাপনায় দুর্বলতা কোনোভাবেই মেনে নেওয়া উচিত না।

তিনি বলেন, “দেশে এখন মূল্যস্ফীতি পড়তির দিকে। এ অবস্থায় সঞ্চয় ও বিনিয়োগের সুদের হারে বড় পার্থক্য থাকলে ব্যক্তিখাতের বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়বে। সুদের হার প্রতিযোগিতামূলক কি না সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে নজর রাখতে হবে।”

আর্থিক খাতের শৃঙ্খলা রক্ষায় ঝুঁকি ব্যবস্থাপনা নীতি বাস্তবায়ন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ জোরদার করা, আর্থিক খাতের জন্য কমিশন গঠনসহ বেশ কিছু সুপারিশ করেন তিনি।

খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি

প্রতিবেদনে বলা হয়, চালের দাম কম হওয়ায় খাদ্যসূচকে মূল্যস্ফীতি অনেক কমে গেছে। তবে আশঙ্কার বিষয় হলো, খাদ্যবহির্ভূত সূচকে মূল্যস্ফীতি অনেক বেড়েছে।

মোস্তাফিজুর রহমান বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও বাড়িভাড়া বাড়ানোসহ কয়েকটি কারণে মূল্যস্ফীতি আরো বাড়ার আশঙ্কা রয়েছে।

রপ্তানির প্রবৃদ্ধি

সিপিডি বলেছে, গত অর্থবছরের প্রথম পাঁচ মাসে যেখানে রপ্তানি প্রবৃদ্ধি ছিল ১৭ দশমিক ছয় শতাংশ, সেখানে চলতি অর্থবছরে এ হার নেমেছে চার দশমিক এক শতাংশে।

একই সময়ে ভিয়েতনামের সাত দশমিক নয় শতাংশ, ইন্দোনেশিয়ার চার দশমিক এক শতাংশ, কম্বোডিয়ার ছয় দশমিক চার শতাংশ এবং তুরস্কের ২০ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে।

মোস্তাফিজুর রহমান বলেন, “বিশ্বমন্দার দোহাই দিয়ে রপ্তানি কম হচ্ছে বললে চলবে না। কারণ একই সময়ে প্রতিযোগী দেশগুলো ভালো প্রবৃদ্ধি করেছে। তাছাড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রথাগত বাজারের দিকে তাকিয়ে না থেকে দক্ষিণ-দক্ষিণ বাণিজ্যের দিকে যেতে হবে।”

বৈদেশিক লেনদেনে ভারসাম্য

একদিকে প্রবাসী আয় বাড়ছে, অন্যদিকে আমদানির ওপর চাপ কমছে। তবে আমদানি কমা সব সময় অর্থনীতির জন্য ভালো নয় বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
এ প্রসঙ্গে সিপিডি নির্বাহী পরিচালক বলেন, “পাঁচমাসে মূলধনী যন্ত্রপাতির আমদানি কমেছে ১৩ শতাংশ, ঋণপত্রও কম খোলা হয়েছে। সামগ্রিক উৎপাদন কাজে এটি নেতিবাচক প্রভাব ফেলবে। এক্ষেত্রে এখনি সাবধান হওয়া প্রয়োজন।”

তিনি বলেন, গত বছর ভিয়েতনামে ৭০০ কোটি ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে। বাংলাদেশে এসেছে মাত্র ১০০ কোটি ডলারের।”

অর্থ পাচার

ইউএনডিপির হিসাবে প্রতি বছর গড়ে এদেশ থেকে ৩১০ কোটি ডলার এবং গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটির (জিএফআই) হিসাবে, ১৪০ কোটি ডলার বিদেশে পাচার হয়ে যাচ্ছে।

মোস্তাফিজুর রহমান বলেন, “পাচার ঠেকাতে যথাযথ পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে সরকারের দুর্বলতা লক্ষ্য করা যায়।”

এ প্রসঙ্গে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ২০০৬ ও ২০০৭ সালে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে। তখন সরকার পরিবর্তন হচ্ছিল এবং অন্য রকম সরকার ছিল। এর পর বেশি পাচার হয়েছে ২০১০ সালে।

“অর্থাৎ রাজনৈতিক চক্রের মাধ্যমেই অর্থ পাচারের প্রবণতা দেখা যাচ্ছে।