ডিএসইতে দরপতনে বিক্ষোভ
সপ্তাহের দ্বিতীয় দিন লেনদেন শেষে সাধারণ সূচক একশ’ পয়েন্টেরও বেশি কমেছে দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। প্রতিবাদে ডিএসই ভবনের সামনে বিক্ষোভ করেছে একদল বিনিয়োগকারী।
সপ্তাহের দ্বিতীয় দিন লেনদেন শেষে সাধারণ সূচক একশ’ পয়েন্টেরও বেশি কমেছে দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। প্রতিবাদে ডিএসই ভবনের সামনে বিক্ষোভ করেছে একদল বিনিয়োগকারী।
সোমবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর পরই সূচক নিচের দিকে নামতে থাকে। দিনশেষে ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ২২৬ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ১১৫ পয়েন্ট কম।
হাতবদল হয় প্রায় ২৫৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ৯টির শেয়ারের, কমে ২৫৫টির এবং অপরিবর্তিত ছিল ৬টির দাম।
অব্যাহত দরপতনের প্রতিবাদে ডিএসই ভবনের সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ করে কিছু বিনিয়োগকারী। সকাল থেকেই সূচক পড়তে থাকায় বেলা সোয়া একটার ডিএসইর সামনে জড়ো হয় তারা।
এ সময় তারা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনারও দাবি জানায়।
সপ্তাহের প্রথম দিন লেনদেন শেষে সাধারণ সূচক কমে প্রায় ২৪ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ৩৬৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে দশমিক ৪২ শতাংশ বা প্রায় ১৮ পয়েন্ট। দিনে গড়ে লেনদেন হয় প্রায় ২৮৪ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ৫.৯৮ শতাংশ কম।
এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে ৩.০৬ শতাংশ বা প্রায় ১৩৭ পয়েন্ট। দিনে গড়ে লেনদেন হয় প্রায় ৩০২ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১১.৪৬ শতাংশ কম।
