২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কায় গ্যাসের ব্যবহার কমাতে চায় জাপান

রাশিয়ার কাছ থেকে এলএনজি (তরল প্রাকৃতিক গ্যাস) সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আগামী শীতে জ্বালানি সংকট এড়াতে শহরগুলোতে গ্যাসের ব্যবহার সীমিত করার কথা ভাবছে জাপান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2022, 07:25 PM

Updated : 02 Aug 2022, 02:00 PM

বার্তাসংস্থা রয়টার্স জানায়, দেশটির শিল্প মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়, ভোক্তাদের সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে এরই মধ্যে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে একটি ব্যবস্থাপনা কৌশল বাস্তবায়ন করছে দেশটি।

গ্যাসের ব্যবহার কমাতেও এমন একটি পরিকল্পনা নেওয়া হচ্ছে জানিয়ে শনিবার কিওডো নিউজ এজেন্সির প্রকাশিত একটি সংবাদকে নিশ্চিত করেন ওই কর্মকর্তা।

তিনি জানান, নতুন পদক্ষেপে ব্যবসা প্রতিষ্ঠান এবং পরিবারগুলোকে গ্যাস সংরক্ষণের অনুরোধ জানিয়ে ব্যবহারের পরিমাণ বেঁধে দিতে পারে সরকার। এছাড়া সরবরাহ সংকটে পড়লে গ্যাস ব্যবহারে বিধি-নিষেধও আরোপ করা হতে পারে।

জাপানি শিল্প মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, শীতে গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ার আগেই যাতে নতুন পরিকল্পনাটি কার্যকর করা যায়, সেজন্য বিশেষজ্ঞদের একটি গ্রুপের সঙ্গে বৈঠকে আলোচনা হবে।

মস্কোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে জ্বালানি সংকটে পড়ার ঝুঁকিতে রয়েছে ‘প্রাকৃতিক সম্পদে দরিদ্র’ দেশ জাপান। বৈশ্বিক সরবরাহ সংকুচিত হয়ে গ্যাসের আকাশচুম্বি দামের মধ্যে সরবরাহ বিপর্যস্ত হওয়ার হুমকি তাই বেড়েছে।      

রাশিয়া ইস্যু ছাড়াই আসন্ন শীতে বিদ্যুৎ সরবরাহের সংকট দেখা দিতে পাড়ে বলে মনে করছিল জাপান।

গত মাসে জাপান সরকারের করা হিসাব অনুযায়ী, সম্ভাব্য ব্লাকআউট এড়াতে আসছে জানুয়ারিতে হোক্কাইডো এবং ওকিনাওয়া ছাড়া সব অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে তিন শতাংশ ঘাটতি রাখতে হবে।

আরও খবর

ফিনল্যান্ডেও গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া  

রাশিয়া গ্যাস সরবরাহ কমানোয় বিপাকে জার্মান শিল্পখাত  

রাশিয়ার গ্যাস ছাড়া ইউরোপ চলতে পারবে না: কাতার