২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডলার সাশ্রয়: মূলধনি পণ্য আমদানির দায় মেটানোর সময় বাড়ল

চলমান সংকট সামাল দেওয়ার অংশ হিসেবে ডলার সাশ্রয়ে মূলধনি যন্ত্রপাতি আমদানির দায় পরিশোধের সময় আরও এক বছর বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2022, 08:53 PM

Updated : 14 Jul 2022, 06:58 PM

এতে যেসব দায় আগামী ডিসেম্বরে মেটানোর কথা তা ২০২৪ সাল পর্যন্ত পরিশোধের সুযোগ তৈরি হল।

বৃহস্পতিবার এ সংক্রান্ত সার্কুলার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মূলধনি যন্ত্রপাতি আমদানিতে এ সুবিধা শুধু বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বস্ত্র অধিদপ্তরে নিবন্ধন করা কোম্পানি পাবে।

কোভিড ১৯ অতিমারির সময়ে আমদানি করা পণ্যের দায় পরিশোধের সময় বাড়িয়ে এক বছর করা হয়েছিল।

নতুন এ নির্দেশনায় একই সঙ্গে এলসি করা পণ্যের দায় পরিশোধের মেয়াদ বাড়ানোর ক্ষমতা ব্যাংকের ডিলার শাখাগুলোকে দেওয়া হয়েছে।

এর আগে মেয়াদ শেষে এলসির দায় পরিশোধের সময় বাড়াতে হলে বিডার কাছ থেকে অনুমতি নিতে হত উদ্যোক্তাদের।

সাকুর্লারে বলা হয়েছে, শিল্পের মূলধনি যন্ত্রপাতি আমদানি দায় ৩৬০ দিনের মধ্যে পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। সম্প্রতি বিডার ১৬৬তম সভায় পণ্যের দায় পরিশোধের সময় এলসির মেয়াদ শেষ হওয়ার পর থেকে আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এজন্য কোনো কোম্পানিকে বিডা বা বস্ত্র অধিদপ্তরের কাছে আবেদন করতে হবে না।

কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনার ফলে ২০২০ সালের ৩১ ডিসেম্বরে মূলধনি যন্ত্রপাতি আমদানির জন্য খোলা এলসির দায় আগামী বছর ডিসেম্বরের বদলে ২০২৪ সালে পরিশোধের সুযোগ তৈরি হল।

সদ্য সমাপ্ত অর্থবছরের মে পর্যন্ত ১১ মাসে আমদানিতে ব্যয় হয়েছে ৭৫ দশমিক ৪০ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি হয়েছে ৩৯ শতাংশ। এ সময়ে আমদানি পণ্যের মধ্যে মূলধনি যন্ত্রপাতি রয়েছে তৃতীয় সর্বোচ্চ অবস্থানে। সবচেয়ে বেশি এসেছে পেট্রোলিয়াম এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে শিল্পের কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য।

ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলছেন, দায় পরিশোধের সময় বাড়িয়ে দেওয়ায় সাময়িকভাবে কিছু সুফল পাওয়া যাবে। ডলারের বাজারে চাপ কমবে। তবে ভবিষ্যতে অর্থ পরিশোধের সময় বর্তমানের চেয়ে বেশি দিতে হবে। এছাড়া টাকার বিনিময় হারে পতন হওয়ায় ভবিষ্যতে ডলার আরও বেশি দামি হয়ে পড়তে পারে।

এ বিষয়ে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) নির্বাহী পরিচালক ও ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান আহসান এইচ মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘এতে ডলারের উপর বর্তমানের যে চাপ তা একটু কমে যাবে। একটু স্লো-ডাউন হবে বিনিয়োগ। এ মুহূর্তে এর বিকল্প নেই।’’

দায় পরিশোধের সময়ে বাড়তি অর্থ দিতে হলে, ব্যবসার খরচ বাড়বে কি না এমন প্রশ্নের উত্তরে এই অর্থনীতিবিদ বলেন, ‘‘তখনকার সময়ের বিনিময় হার অনুযায়ী পরিশোধ করতে হবে। তাতে তো কম-বেশি হতে পারে।’’

করোনাভাইরাস মহামারীতে প্রায় বন্ধ হয়ে যাওয়া আন্তর্জাতিক বাণিজ্য পুনরায় পুরোদমে চালু হলে পণ্য আমদানি ব্যাপক বেড়ে যায়। এতে সরবরাহের চেয়ে চাহিদা বাড়লে ডলার সংকট চরম আকার ধারণ করে। ডলারের বিপরীতে টাকা সস্তা হতে থাকে ধীরে ধীরে।

গত বছরের জুনে ব্যাংকিং চ্যানেলে ৮৪ দশমিক ৮১ টাকায় হাতবদল হওয়া ডলার এখন ৯৩ দশমিক ৪৫ পয়সায় গিয়ে ঠেকেছে। নগদ ডলার কিনতে ব্যাংকেই লাগছে ৯৭ থেকে ৯৮ টাকা আর খোলা বাজারে তা ১০২ টাকা ছাড়িয়েছিল।

এমন প্রেক্ষাপটে আমদানি কমিয়ে আনতে বিলাসি পণ্যের উপর কড়াকড়ি আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন ডলার সাশ্রয়ে মূলধনি যন্ত্রপাতির আমদানি দায় পরিশোধে সময় বাড়িয়ে দেওয়া হল।