২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট বরাদ্দে রাজনৈতিক বিবেচনা বেশি গুরুত্ব পায়: পরিকল্পনামন্ত্রী

বাজেট বরাদ্দের ক্ষেত্রে গুরুত্বের বিচারে অগ্রাধিকারের তুলনায় রাজনৈতিক বিবেচনা দীর্ঘদিন থেকেই বেশি গুরুত্ব পায় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2022, 11:02 PM

Updated : 02 Aug 2022, 03:16 PM

শনিবার ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ও ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।

রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনে ‘সামষ্টিক অর্থনীতি: ২০২২-২৩ অর্থবছরের বাজেটে প্রত্যশা’ শীর্ষক এ গোলটেবিলে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, “বাজেটে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে এটা আসলে মোর পলিটিক্যাল ইকোনমিক্যাল ব্যাপার। সরকার কতগুলো অবলিগেশন্স, কতগুলো ঠেকার মধ্যে থাকে সবসময়।

“ঐতিহাসিক বাস্তবতা হিসেবে এগুলো চলে আসছে। কতগুলো কায়েমি স্বার্থ আছে এসব বরাদ্দে। সবচেয়ে বড় আকারের এ অনুদানগুলো তারা খেয়ে অভ্যস্ত হয়ে উঠেছে।“

তিনি বলেন, “হঠাৎ করে শেখ হাসিনার একার পক্ষে এই বরাদ্দ ছোট করা সম্ভব নয়, হঠাৎ করে এই বেড়াজাল ভাঙ্গা সহজ নয়, তবে তিনি চেষ্টা করছেন।“

“অথচ আমাদের এই গণতান্ত্রিক সমাজে উঁচু নিচু বিবেচনা করে যে সংস্কৃতি গড়ে উঠেছে, এটা থাকা উচিত নয় বলে মনে করেন তিনি।

অনুৎপাদনশীল খাতে সরকারি বরাদ্দ দেওয়া অন্যায় বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী। তিনি জরুরিভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার করার তাগিদ দেন।

অনেক সমস্যার মধ্যেও বর্তমান সরকার গত ১০ বছরে ‘দৃশ্যমান ও প্রত্যাশিত উন্নয়ন’ করেছে জানিয়ে তিনি বলেন, দেশে ব্যবসায়, পরিবেশে সমস্যা আছে। তবে বড় সমস্যা হচ্ছে একটি শ্রেণি বলছে তারা নির্বাচনে যাবে না। নির্বাচনের পরিবেশ নেই। তারা খেলা ভণ্ডুল করার প্রয়াশ থেকে এসব বলছে।

এ ধরনের মতামতের বিষয়ে দেশের ব্যবসায়ী ও সুশীল সমাজকে মতামত জানানোর আহ্বান জানান তিনি।

গোলটেবিলে সভাপতির বক্তব্যে আইসিএবি সভাপতি শাহাদাত হোসেন

স্বয়ংক্রিয় রাজস্ব ব্যবস্থা, করের অর্থের সঠিক ব্যবহার, সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোসহ সুষ্ঠু বিতরণ ব্যবস্থার ওপর জোর দেন।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী শিক্ষা খাতের জন্য পূর্ণাঙ্গ বাজেট দাবি করে বলেন, “জাতির জনক যুদ্ধবিধ্বস্ত একটি দেশে প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন। অথচ তখন ডিজিপি ছিল ১৪ বিলিয়ন ডলার। বর্তমানে ৪০০ বিলিয়ন ডলারের বেশি জিডিপি নিয়ে মাধ্যমিক শিক্ষা কেন জাতীয়করণ হবে না। “

পলিসি রিসার্চ ইন্সটিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, আমদানি ব্যয় বেড়েছে। এখন রিজার্ভ খরচের বিষয়ে সতর্ক হতে হবে। এখন সুদহারে সর্বোচ্চ সীমা রাখা ঠিক হবে না।

তিনি কর নীতি ও কর প্রশাসনকে আলাদা করা, এসএমই খাতের বিকাশের জন্য গ্যারান্টি স্কিম বাড়ানো, ভ্যাট আইন সংস্কারের প্রস্তাব দেন।

আইসিএবির সাবেক সভাপতি হুমায়ুন কবিরের সঞ্চালনায় আলোচনায় মেট্রোপলিটন চেম্বার সভাপতি সভাপতি সাইফুল ইসলাম করোনাভাইরাস পরবর্তী বিনিয়োগ পরিস্থিতি উন্নয়নের জন্য করপোরেট কর হার কমিয়ে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন।

তিনি বলেন, গত দুই বছর কোভিড মহামারীর কারণে পরিকল্পনা অনুযায়ী অনেক কাজ করা সম্ভব হয়নি। ফলে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পুর্নমূল্যায়ন করা দরকার।