২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গত অর্থবছরে বিটিএমসি'র লোকসান ৩১৬৮ কোটি টাকা

বাংলাদেশ টেক্সাইল মিল করপোরেশন (বিটিএমসি) নিয়ন্ত্রণাধীন বস্ত্রকলগুলো গত অর্থ বছরে ৩ হাজার ১৬৮ কোটি ৪৬ লাখ টাকা লোকসান গুনেছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2022, 06:01 PM

Updated : 28 Apr 2022, 11:59 PM

বৃহস্পতিবার সংসদে জাতীয় পার্টির মসিউরর রহমান রাঙ্গাঁর এক প্রশ্নের উত্তরে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এ তথ্য জানান। অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

টেক্সটাইল মিল: ২০২০-২১ অর্থবছরের আয়-ব্যয়-লোকসান

ব্যয়

৩ হাজার ৬৫২ কোটি ৯৪ কোটি টাকা

আয়

 ৪৮৪ কোটি ৪৮ লাখ টাকা

লোকসান

৩ হাজার ১৬৮ কোটি ৪৬ লাখ টাকা

বস্ত্রমন্ত্রী জানান, বিটিএমসির ২৫টি বস্ত্রকলের মধ্যে ২৪টিই বন্ধ রয়েছে এবং একটি ভাড়ায় চলছি। বন্ধ ২৪টির মধ্যে দুটিতে টেক্সটাইল পল্লী স্থাপন এবং দুটি পিপিপিতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সরকারি দলের হাবীব হাসানের প্রশ্নের জবাবে দস্তগীর গাজী বলেন, দেশে এখন (২০১৮ সালের শুমারী) ৫৮৯টি তাঁত কারখানা এবং এক লাখ ১৬ হাজার ১১৭টি ইউনিট রয়েছে।

পাওয়ার লুম ব্যতিত তাঁত শিল্পে বছরে প্রায় ৪৭ কোটি ৪৭ লাখ ৪০ হাজার মিটার তাঁতবস্ত্র উৎপাদিত হয়, যা দেশের বস্ত্র চাহিদার ২৮ ভাগ (পাওয়ার লুম ব্যতিত) পূরণ করে বলে জানানো হয় সংসদে।

নাটোর সাংসদ শরিফুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশের তাঁত সংখ্যা ২ লাখ ৯০ হাজার ২৮২টি।

সংরক্ষিত আসনের সংসদ সদসস্য বেগম লুৎফুন নেসা খানের প্রশ্নের উত্তরে চলতি এবং গত অর্থবছরের কাঁচাপাট ও পাটজাত পণ্য রপ্তানির তথ্য তুলে ধরেন মন্ত্রী।

চলতি অর্থ বছরের ৮ মাসে ৫ দশমিক শূন্য তিন লাখ টন কাঁচাপাট রপ্তানি করা হয়েছে। এছাড়া গত ২০২০-২১ অর্থ বছরে ৫ দশমিক ৮৬ লাখ টন কাঁচাপাট ও ৭ দশমিক ৮২ লাখ টন পাটজাত পণ্য রপ্তানি হয়েছে।

চট্টগ্রামের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে রাজধানীর যানজট নিরসনে সাবওয়ে নির্মাণ সংক্রান্ত তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, “ঢাকা শহরের যানজট নিরসনে সাবওয়ে নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষা চলছে। ফেব্রুয়ারির পর্যন্ত এর ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। এটি সম্পন্ন হয়ে অর্থায়ন নিশ্চিত সাপেক্ষে সাবওয়ে নির্মাণ প্রকল্প বাস্তবায়ন কাজ শিগগিরই শুরু হবে।”

রাজধানী ঢাকাকে যানজটমুক্ত করতে পাতাল রেল (সাবওয়ে) নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে পাতাল রেল নির্মাণ করা গেলে ঢাকার মোট কর্মজীবী মানুষের অর্ধেক সাবওয়ে ব্যবহার করতে পারবে বলে ক’দিন আগেই বলেছিলেন কাদের।