২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাকৃতিক দুর্যোগে ৬ বছরে ক্ষতি জিডিপির ১.৩২%

জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে ছয় বছরে আর্থিক ক্ষতি হয়েছে এক লাখ ৭৯ হাজার ১৯৮ কোটি টাকা, যা দেশের মোট জিডিপির ১ দশমিক ৩২ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2022, 11:08 PM

Updated : 25 Oct 2022, 10:20 AM

মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত ‘বাংলাদেশ পরিবেশ পরিসংখ্যান-২০২০’ এর প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত ছয় বছরে পরিচালিত জরিপে শস্য খাতে ২৮ দশমিক ৯০ শতাংশ, প্রাণিসম্পদে ৩ দশমিক ৯৮ শতাংশ, পোলট্রিতে ১.৫১ শতাংশ, মৎস্য খাতে ৩.৭১ শতাংশ ক্ষতি হয়েছে বলে তথ্য পাওয়া গেছে বলে রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়।

এছাড়া ভূমি অবক্ষয়ে ৫২ দশমিক ৫৬ শতাংশ ও বসতঘর, রান্নাঘর, গোয়ালঘর ও অবকাঠামোতে ৭ দশমিক ৩৮ শতাংশ এবং খানাভিত্তিক সামাজিক বনসহ উঠানের গাছ-পালায় ১ দশমিক ৯৬ শতাংশ ক্ষতি হয়েছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান শক্তিশালীকরণ (ইসিডিএস) শীর্ষক প্রকল্পের পরিচালক মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, জলবায়ু পরিবর্তন ছাড়াও বাংলাদেশ আরও প্রাকৃতিক সংকটের মুখোমুখি হয়েছে।

“গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ ও ভূ-পৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির প্রভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে। ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ এদেশে একটি নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে।”

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যায় ১০ হাজার ১০৮ কোটি টাকা, নদী ভাঙ্গণে ২ হাজার ৬৮ কোটি, ঘূর্ণিঝড়ে ২ হাজার ৫৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।

জরিপের তথ্যে দেখা যায়, প্রাকৃতিক দুর্যোগে গত ছয় বছরে শিশুদের স্কুলে অনুপস্থিতির প্রধান কারণ ছিল অসুস্থতা ও আহত। অসুস্থতা ও আহত হওয়ায় ৭২ দশমিক ৩৯ শতাংশ শিশু স্কুলে যেতে পারেনি।

এছাড়া যোগাযোগ ব্যবস্থার অবনতির কারণে ২০ দশমিক ৪২ শতাংশ ও বিদ্যালয়ের অবকাঠামে ক্ষতিগ্রস্ত হওয়ায় ২ দশমিক ৮৩ শতাংশ শিশু স্কুলে যেতে পারেনি।

প্রতিবেদনে দেখা যায়, জলবায়ুজনিত কারণে গত ছয় বছরে পরিবারভিত্তিক ক্ষতি হয়েছে ১ হাজার ৮৮২ কোটি টাকা।

জরিপে জেলাভিত্তিক দুর্যোগবিষয়ক পরিসংখ্যান তৈরিতে প্রতি জেলা থেকে কমপক্ষে এক হাজার ৩৮০টি খানার তথ্য সংগ্রহ করা হয়।

জরিপ চলাকালে ৬৪ জেলার চার হাজার ২৪০টি মৌজার মোট এক লাখ ২৭ হাজার খানা থেকে সাক্ষাৎকারের মাধ্যমে জরিপের তথ্য সংগ্রহ করা হয়।